হোম > সারা দেশ

গ্রেপ্তারের পর কারাগারে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি নোমান

পঞ্চগড় প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মো. নোমান হাসানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাঁকে পঞ্চগড়ের রিকশাচালক আল আমিনকে (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এ সময় পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আকতার জুলিয়েট তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পরপরই তাঁকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

নোমান হাসানকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে জড়ো হওয়া ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে তাঁর রিমান্ড ও বিচার দাবি করেন।

এর আগে গত বুধবার রাতে নীলফামারী সদর উপজেলার ধনীপাড়া এলাকা থেকে আবু মো. নোমান হাসানকে গ্রেপ্তার করা হয়। পঞ্চগড় সদর থানা-পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১৩। পরে র‍্যাব তাঁকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করে। সেখান থেকে পঞ্চগড় সদর থানা-পুলিশ নোমান হাসানকে পঞ্চগড়ে নিয়ে এসে আদালতে হাজির করে। ক্ষমতায় থাকা কালীন সময়ে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি,জবর দখল সহ নানা সন্ত্রাসি কর্মকান্ডে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,রিকশাচালক আল আমিন পঞ্চগড় পৌরসভার দরজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

গত ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন আল আমিন। সেদিন দুপুরে দুই তরুণের সঙ্গে বাড়িতে ফেরার পথে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিবের বাড়ির সামনে আল আমিনকে আটক করেন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন। পরে আওয়ামী লীগের নেতাদের নির্দেশে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে এলোপাতাড়ি আঘাত করা হয়। তারপর তাঁকে টেনেহিঁচড়ে ছাত্রলীগ নেতা সাদমান সাকিবের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। আল আমিনের সঙ্গে থাকা রায়হানুল ইসলাম ও সুজন ইসলাম নামের দুই তরুণও আহত হন। তবে তাঁদের দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও আল আমিনকে আর খুঁজে পাওয়া যায়নি। ১৪ আগস্ট আল আমিনের পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয়।

এ ঘটনায় গত ১০ নভেম্বর রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় হত্যা ও লাশ গুমের মামলাটি করেন। সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলামসহ ১৯ জনকে এ মামলার আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১৫০ জনকে।

এ মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি নোমান। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। তিনি পঞ্চগড় পৌরসভার ডোরোপাড়া এলাকার প্রয়াত মোশারফ হোসেনের ছেলে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন, রিকশাচালক আল আমিন হত্যা ও লাশ গুমের মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোমান হাসানকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লায় সরকারি রাস্তা বন্ধ করে দুই ভাইয়ের দেয়াল নির্মাণ

‘জুলাই-আগস্ট’ গ্রাফিতি মুছে ‘গুপ্ত’ লিখলো ছাত্রদল

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

পুলিশের উপর হামলা, হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নিলেন আ.লীগ কর্মীরা

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর