চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার বিষ্ফোরনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংখ্যা বেড়ে দাড়িয়েছে তিন জনে। মৃতের নাম মাহবুবুর রহমান (৪৫)। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের ভর্তি করা হয়েছিলো।
সোমবার ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রোববার রাত ২ টা ৪০ মিনিটের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বার্ণ ইনিস্টিউটে রিয়াজ নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক। মৃত মাহাবুবুর রহমান চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দক্ষিণ বলতলী গ্রামের কবির আহামেদ ভুইয়া'র ছেলে। এর আগে এই হাসপাতালে ইউসুফ ও ইদ্রিস নামে দুজন মারা যান।
গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দোকানের মালিক-শ্রমিকসহ ১০ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।