হোম > সারা দেশ

বজ্রপাতে ছয় জেলায় সাতজনের মৃত্যু

আমার দেশ ডেস্ক

চলতি বছরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বজ্রপাতে মারা যাচ্ছে মানুষ। ‍বুধবার দেশের ছয় জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামালপুরে দুজন এবং রাজবাড়ী, রংপুর, গাজিপুর, ময়মনসিংহ ও শরিয়তপুরে একজন করে মারা যান। এছাড়া বরগুনার একটি স্কুলের পাশে বজ্রপাতে ১০ ছাত্রী আহত হয়েছে।

জানা যায়, জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সকালে ও ভোরে এসব ঘটনা ঘটে। উপজেলার সাপধরী ইউপি সদস্য মেহের আলী জানিয়েছেন, ইউনিয়নের পূর্ব চেঙ্গানিয়া গ্রামের ইল্লামারী সড়কে কাজ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতে সাগর (১৮) নিহত হন।

তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। অন্যদিকে একই উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দশানী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম (২৫) নামে আরেক যুবক নিহত হন।

তিনি মরাকান্দি উত্তর বাড়ির মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল ৭টার দিকে জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জোতকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মণ্ডল একই গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। এ সময় তার সাড়ে তিন বছরের মেয়ে সঙ্গে থাকলেও অলৌকিকভাবে সে বেঁচে যায়।

সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সকালে সুমন মণ্ডল ছোট মেয়ে সাফিয়াকে নিয়ে বাড়ির পাশের দোকানে কিছু কিনতে বের হয়েছিল। যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। বজ্রপাতের বিকট শব্দে কোল থেকে ছিটকে একটু দূরে পড়ে যায় সাফিয়া। স্বজনরা দ্রুত উদ্ধার করে সুমনকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ আছে। সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে নিহত সুমনের লাশ আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া রংপুরের তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন তিনি। নিহত ওই গৃহবধূর নাম সাহেরা বেগম (৪০)। তিনি উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী। তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, বিষয়টি আমি জেনেছি ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের তারাকান্দায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় রাংসা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন একই গ্রামের বাসিন্দা হামেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জবসা ইউনিয়নে দুপুরে বজ্রপাতে রাজিব শেখ (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। নড়িয়া থানার ওসি মোঃ বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজিব শেখ জবসা ইউনিয়নের হারুন শেখের ছেলে। বিষয় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান বলেন, আমরা বজ্রপাতের বিষয় নিশ্চিত হয়েছি। পরে পরিবারের কোজ খবর নিয়ে সরকারি বরাদ্দ ২৫ হাজার টাকা পরিবারকে দেয়া হয়েছে। অন্যদিকে গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে জাকির হোসেন খান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার সুলতান উদ্দিন ওরফে সুলতান খানের ছেলে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনাটি ইউপি সদস্য জাহাঙ্গীর খানের মাধ্যমে শুনেছি।

এছাড়া বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের খোলপেটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অবস্থানের সময় বজ্রপাতে ১০ ছাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় ফরাজী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঝড়-বৃষ্টির সময় তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এ সময় হঠাৎ বিদ্যালয়ের পাশে বজ্রপাত হলে ১০ জন আহত হয়। এ ঘটনায় এখনো তিনজন চিকিৎসাধীন।

শেরপুরে সিঁধ কেটে গরু চুরি, আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, তারাগঞ্জে জরিমানা ও প্রতিষ্ঠান বন্ধ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নোয়াখালীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামে প্রবাসী হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফ্রি ফায়ার গেমে আসক্তির জেরে যুবকের আত্মহত্যা

কুশিয়ারা ডাইকের ওপর সেতু পুনর্নির্মাণে বাধার অভিযোগ, ফসলহানির শঙ্কা