হোম > সারা দেশ

সন্দ্বীপে অস্ত্র কারখানার সন্ধান, দুই কারিগর আটক

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামের সন্দ্বীপে দেশি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে কোস্ট গার্ড। অস্ত্র তৈরির সরঞ্জাম, একটি একনলা বন্দুক, তাজা কার্তুজসহ দুই কারিগরকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক দুজন হলেন—অমানউল্লাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মাঈন উদ্দিনের ছেলে মো. রাসেদ (৪০) এবং রাহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তারের ছেলে আকবর (৪৩)।

বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ ও নৌবাহিনীর একটি টিম যৌথভাবে উপজেলার আমানউল্লাহ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়।

অভিযানে অস্ত্র তৈরির কারখানায় একনলা দেশীয় বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র তৈরির কাজে সরাসরি জড়িত থাকার অভিযোগে রাসেদ ও আকবর নামে দুজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের ভাষ্য, সন্দেহজনক গতিবিধির তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা অস্ত্র–সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

জানা গেছে, উপকূলীয় দুর্গম চরাঞ্চল হওয়ায় এসব এলাকায় দীর্ঘদিন ছোটখাটো কারিগরি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম চলে আসছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের কারণে এসব কর্মকাণ্ড এখন আগের তুলনায় কমে এসেছে।

মনিপুরী মৈথৈ সম্প্রদায়ের ‘লাই হারাওবা’ উৎসব শুরু

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

গাজীপুরে গভীর রাতে ডাকাতি, নারীকে গলা টিপে হত্যা

মাইকে বউ তালাক দেয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে শাড়ি চুরির অভিযোগ

সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

সীতাকুণ্ডে মহাসড়কে অবৈধ লোহার তোরণ অপসারণে কঠোর অবস্থানে সিডিএ

পটিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, পুলিশ বলছে আত্মগোপনে

গজারিয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১৩ ঘোড়ার জবাইকৃত মাংস উদ্ধার

রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

অবৈধভাবে মজুত করা সাড়ে ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ