বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন হলের দেওয়ালে অঙ্কিত মেসির বৃহদাকার গ্রাফিতি উন্মোচন করা হয়। পরে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা।
আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে নির্মিত গ্রাফিতিতে ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে মেসির স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। গ্রাফিতি উন্মোচনের সময় উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকেরা জানান, বিশ্ব ফুটবলে মেসির অসামান্য অবদান এবং কোটি ভক্তের আবেগের প্রতীক হিসেবে এ আয়োজন করা হয়েছে। তাদের মতে, এই গ্রাফিতি শুধু একজন ফুটবলারের প্রতি শ্রদ্ধা নয়, খেলাধুলা ও শিল্পচর্চার সমন্বিত প্রকাশ।
আর্জেন্টিনা সমর্থক আনাস বিন সোলাইমান বলেন, ‘ফুটবলপ্রেমীদের কাছে মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক আবেগের নাম। গত দুই দশক ধরে তিনি তার অসাধারণ নৈপুণ্যে কোটি কোটি দর্শককে মুগ্ধ করেছেন। ২০২২ বিশ্বকাপের সময় আমরা একটি ছোট গ্রাফিতি করেছিলাম। তখনই স্বপ্ন ছিল, মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে ২০২৬ বিশ্বকাপে একটি বৃহদাকার গ্রাফিতি করব। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।’
উৎসবমুখর েই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী এবং ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
এমএইচ