নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। ১৮৮৬ সালের ৩ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা জমায়েত হয়েছিল। অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। এরপর থেকে প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।
শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিকের দাবিকে সামনে রেখে বিভিন্ন সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও সাধারণ মানুষ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে। র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শ্রমিকদের অবদানকে স্মরণ করা হয়।
শ্রমিকের ঘামেই গড়ে ওঠে দেশের অর্থনীতি—এই সত্যকে ধারণ করে এবারের শ্রমিক দিবসেও প্রতিধ্বনিত হচ্ছে “শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার”। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত-
রংপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হয়েছে। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে শুক্রবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাসুদ রানা, জেলা শ্রমিকদলের সদস্য সচিব শামিম এবং মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।
চরফ্যাশনে শ্রমিক কল্যাণ ফেডোরেশনের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
মে দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিবসটি ঘিরে সকাল সাড়ে আটটায় চরফ্যাশন বাজারের ফ্যাশন স্কয়ারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি প্রভাষক বাহারুল ইসলাম বাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মাওলানা হারুন অর রশিদ বলেন, শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের ওপরই আধুনিক সভ্যতা গড়ে উঠেছে। শ্রমিকরাই দেশের উৎপাদন ব্যবস্থা সচল রাখার মূল শক্তি। তিনি অভিযোগ করেন, দেশে অনেক ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে অন্যায়ভাবে ছাঁটাই করা হচ্ছে, যা শ্রম আইনের পরিপন্থী।
তিনি আরও বলেন, ইসলামে শ্রমিক ও মালিকের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশনা রয়েছে, যা বাস্তবায়ন করা হলে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। পাশাপাশি শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি চাঁদাবাজি বন্ধেও ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, সংগঠনের জোরালো উদ্যোগের ফলে ভোলা জেলার বিভিন্ন পৌরসভায় পরিবহন খাতে অবৈধ চাঁদা আদায় বন্ধ হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেমসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
নবাবগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিকদের অংশগ্রহণে র্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
সকাল ১০টায় নবাবগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মটর শ্রমিক ইউনিয়ন (১১৬৭)-এর সভাপতি আবু সায়েম রিপনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ উল মাহমুদ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন এবং সাবেক ছাত্রনেতা মহরম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম, তাই তাদের কল্যাণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে শ্রমিকদের কল্যাণ, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আটঘরিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
পাবনার আটঘরিয়ায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, আটঘরিয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে র্যালি, পথসভা এবং শ্রমিকদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
সকাল ৯টায় আটঘরিয়া বাজারের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আটঘরিয়া পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
র্যালি শেষে বটতলা এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মুন্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ, যেখানে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবিতে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া। তিনি বলেন, শ্রমিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের মূল ভিত্তি। তাদের শ্রম ও ঘামে দেশের অবকাঠামো, শিল্প ও অর্থনীতি গড়ে উঠেছে। তিনি ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা তুলে ধরে বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি পরিশোধ করা উচিত।
তিনি আরও বলেন, মে দিবসের চেতনা আমাদের শেখায়—শ্রমের মর্যাদা রক্ষা ছাড়া কোনো দেশ প্রকৃত উন্নতি অর্জন করতে পারে না। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. মো. ফজলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারি মো. আব্দুল মালেক রব্বানী, নলডাঙ্গা পৌরসভার সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নয়ন ইসলাম এবং ইউনিয়ন সেক্রেটারি মো. জিয়ারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সকালে চৌদ্দগ্রাম হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে এবং পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাব উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম মোল্লা এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকী।
বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের পরিশ্রম ও ত্যাগের ওপরই দেশের অর্থনীতি ও উন্নয়ন নির্ভরশীল। মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আরিফুল ইসলাম, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. নুরুল ইসলাম চৌধুরী, সহ-সেক্রেটারি এমরান হোসেন ভুঁইয়া মাসুদ, ৬নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে এ কর্মসূচির সূচনা হয়।
র্যালিটি বাসস্ট্যান্ড থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মীর মো. কুতুবুল আলম, মো. আব্দুল মন্নাফ, অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, উপদেষ্টা ও সিংড়া পৌর মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা এবং উপদেষ্টা অধ্যাপক এনতাজ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেন্দুয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
নেত্রকোণার কেন্দুয়ায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মাধবপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি আব্দুল আজিজ, বিআরডিবি কর্মকর্তা ফয়সাল চৌধুরী, শ্রমিক দলের আহ্বায়ক মো. মাসুদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উজিরপুরে শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রম দিবস পালন
বরিশালের উজিরপুর উপজেলায় আন্তর্জাতিক শ্রম দিবস পৃথক কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। শুক্রবার শ্রমিক দলের দুই গ্রুপ আলাদাভাবে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে দিবসটি উদ্যাপন করে।
সকাল ১০টায় সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আতিকুল ইসলাম বিপ্লব ও মোহাম্মদ সোলায়মান খান হাইয়ুমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ঢাকা–বরিশাল মহাসড়ক থেকে শুরু হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। এছাড়া বক্তব্য দেন শ্রমিক দল নেতা আতিকুল ইসলাম বিপ্লব, সাবেক সভাপতি সোলায়মান খান হাইয়ুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল হাওলাদার এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. খোকন ডাকুয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।
অপরদিকে সকাল ১১টায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সাহাদুজ্জামান কমরেডের নেতৃত্বে আরেকটি পৃথক মিছিল উজিরপুর টেম্পু স্ট্যান্ড থেকে বের হয়ে উপজেলা পরিষদ এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
ডামুড্যায় আন্তর্জাতিক শ্রম দিবস পালিত
শরীয়তপুরের ডামুড্যায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালেই উপজেলার কলেজ রোড এলাকার জিহাদ ট্রেডার্সের সামনে থেকে এ কর্মসূচির সূচনা হয়।
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি চলাকালে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আলোচনা সভায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন মো. ফারুক আলম, কাদের বেপারী, মামুন জমাদার, লতিফ বেপারী, নুরু বেপারী, আবুল হোসেন, হাবীব তালুকদারসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতায় অনেক শ্রমিকই ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার আদায়ের জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
কাউনিয়ায় আন্তর্জাতিক শ্রম দিবস পালিত
রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই র্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে আলোচনা সভায় শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মে দিবসের চেতনা বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে হবে বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, সদস্য সচিব আজিজ বাবু, কাউনিয়া বাসস্ট্যান্ড মটর শ্রমিক শাখার সভাপতি আলম বেপারী, সাধারণ সম্পাদক শাহিন মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি কৃষিবিদ ফেরদৌস হাসান জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুম, শ্রমিকদল কাউনিয়া উপজেলা শাখার আহ্বায়ক মো. এনতাজ আলী, সদস্য সচিব আব্দুল হালিম এবং সাবেক শ্রমিকদল নেতা আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারাগঞ্জে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। শুক্রবার সকাল থেকেই দিনব্যাপী এসব আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে তারাগঞ্জ বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলে গিয়ে শেষ হয়।
পরে অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের শ্রম ও ঘামের ওপরই অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক তারার আলো পত্রিকার সম্পাদক খবির উদ্দিন প্রামানিক, উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাকিম আলী প্রামানিক, তারাগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার শ্রমিকরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ (নীলফামারী)তে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত
নীলফামারীর কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার বিভিন্ন শ্রমিক সংগঠনের পৃথক পৃথক র্যালি ও কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়।
দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ কার্যালয় থেকে র্যালি বের করে। র্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিশোরগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক কল্যাণ সুগন্ধা সঞ্চয় সমিতি, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি, কিশোরগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক সমবায় সমিতি লি. এবং নীলফামারী জেলা ট্রাক-ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।
র্যালিতে শ্রমিকরা ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা হাতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
পৃথক র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সঠিক মজুরি নিশ্চিত করা ছাড়া দেশের উন্নয়ন টেকসই হবে না।
দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জে শ্রমিক দিবস উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
সরাইলে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একটি র্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা ১৮৮৬ সালের শিকাগো শ্রমিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের গুরুত্ব স্মরণ করেন।
বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের কল্যাণে সরকার, মালিক ও শ্রমিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শ্রমিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।
শেরপুরে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত
বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে র্যালি, শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে।
বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবু রায়হান আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আলম রটনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদিকে, “ঐক্যই শক্তি, ইসলামে মুক্তি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বাজাফে-৮) শেরপুর উপজেলা শাখার উদ্যোগেও বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও বগুড়া অঞ্চলের টিম সদস্য, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপদেষ্টা মাওলানা নাজমুল হক, আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাছিম, সাবেক সভাপতি নুরুল হুদা, ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু রায়হান, আব্দুল আজিজ, শাহাদাত হোসেন ও শাহ আলমসহ অনেকে।
বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, বৃদ্ধ বয়সে চিকিৎসা ভাতা এবং শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষা সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
পলাশবাড়ীতে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত
গাইবান্ধার পলাশবাড়ীতে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক র্যালি, আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (৪৯৪), শ্রমিক কল্যাণ ফেডারেশন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের পৃথক আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান, উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চান, ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টার এবং জামায়াত নেতা তাজুল ইসলাম মিলন, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মৌলভীবাজারে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত সভায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক, স্থানীয় সরকার রুবেল মাহমুদ। তিনি বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শ্রমিকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। টেকসই উন্নয়নের জন্য দক্ষ ও সুরক্ষিত শ্রমশক্তি অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা। বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপন করা হচ্ছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার এবং স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল। সভা শেষে শ্রমিকদের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এছাড়াও শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নসহ জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।
খানসামায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক শ্রম দিবস পালন
দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পাকেরহাট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি পাকেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহিতুল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাইফুল্লাহ নূরী সোহেল, সহকারী সেক্রেটারি ফারুক ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি আনিসুর রহমান, প্রচার সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, দেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিক ও মালিকের মধ্যে ন্যায্যতা ও ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। তারা সরকারি চাকরিজীবীদের মতো শ্রমিকদের জন্য রেশনভাতা চালুর দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
রাজবাড়ীতে আন্তর্জাতিক শ্রম দিবস পালন
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-শ্রমিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি উদ্যাপন করে।
সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক আফরোজা পারভীনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এছাড়া রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ব্যানারে একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল ও সাধারণ সম্পাদক শাহ আলম।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজাদি ময়দানে তাদের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আমির অ্যাডভোকেট নূরুল ইসলাম সভাপতিত্ব করেন। আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে একটি শোভাযাত্রাও বের করা হয়।
এছাড়া বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বিপ্লবী শ্রমিক আন্দোলন ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে দিবসটি পালন করে।
ট্রেড ইউনিয়ন সংঘ রেলগেট চত্বর এলাকায় দিনব্যাপী সংগীতানুষ্ঠানের আয়োজন করে, যা শ্রমজীবী মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে রাজবাড়ীতে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবির বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
মাদারীপুরে শ্রমিকদলের আন্তর্জাতিক শ্রম দিবস পালন
মাদারীপুরে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সদর উপজেলা শ্রমিক দল। শুক্রবার শ্রমিক সমাবেশ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
সকাল ১১টার দিকে মাদারীপুর পৌর ঈদগাহ থেকে সদর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা অঙ্গনের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মুন্সির সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু।
এছাড়া বক্তব্য দেন সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ জয়, খোয়াজপুরের সাধারণ সম্পাদক হেমায়েত ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বকশীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক শ্রম দিবস পালন
জামালপুরের বকশীগঞ্জে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সহ-সেক্রেটারি অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হাজী রাসেল মাহমুদ, অর্থ সম্পাদক মো. সাইদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌর আমির মাওলানা আব্দুল মতিন, পৌর সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, বকশীগঞ্জ যুব জামাতের সেক্রেটারি মো. কারীমুল ইসলাম, বাট্টাজোড় ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আবু সাইদ এবং সহ-সভাপতি মো. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।