‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও গাছের চারা বিতরণ এবং পরিবেশ সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
নীলফামারী প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
নীলফামারী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম। বক্তব্য দেনÑবিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক নুরেল হক, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড বিডি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ, নাসিব জেলা সভাপতি আব্দুল মোমেনসহ অন্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানের বাস্তবতা। এ সংকট মোকাবিলায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, অধিক হারে বৃক্ষরোপণ, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন- সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশদূষণ রোধে শিল্পকারখানাগুলো যাতে পরিবেশগত বিধিমালা মেনে চলে, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৪ শিশুর হাতে গাছের চারা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে নীলসাগর আদর্শ বিদ্যাপীঠের সৈয়দ আবরার ও পূজা সাহা উল্লেখযোগ্য। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। বক্তব্য দেন- পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলার কামারখালী আরঅ্যান্ডএইচ-বালিয়াকান্দি জিসি রাস্তায় বৃক্ষরোপণকাজের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারখালী-বালিয়াকান্দি সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান এবং উপজেলা প্রকৌশলী সোহেল রানা।