চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের জয়রামপুর কাঁঠালতলা এলাকায় ইজিবাইক, মোটরসাইকেল ও পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মিরাজ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাকিব হোসেন (১৪) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিরাজের মৃত্যু হয়।
নিহত মিরাজ হোসেন দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আবু মুসার ছেলে। সে দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার মিরাজ হোসেন ও তার বন্ধু রাকিব হোসেন মোটরসাইকেলযোগে দামুড়হুদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে জয়রামপুর কাঁঠালতলা এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও পাখিভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিরাজ হোসেন মারা যায়। আহত রাকিব হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের বাবা আবু মুসা জানান, তার ছেলে মিরাজ ও তার বন্ধু রাকিব মোটরসাইকেলে করে দামুড়হুদায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।