নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোংলা পৌর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে এনসিপির নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘আওয়ামী লীগের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।
মিছিল শেষে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে অংশ নিয়েছিল। সেই ঐক্য ধরে রেখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও রাজপথে নামার চেষ্টা করলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তন ও মানুষের প্রত্যাশা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা ও স্বৈরাচারী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম মৃধা, সদস্যসচিব আব্দুল্লাহ মেরীন, মোংলা পৌরসভা আহ্বায়ক নাসিম মোল্লা এবং সদস্যসচিব মো. আব্দুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। কর্মসূচিতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
এমএইচ