মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা জ্যারেড কুশনার বলেছেন, গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনীহার কারণে দেশটি আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তার মতে, ইসরাইলের সামনে এখন দুটি পথ—আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্পৃক্ত হওয়া অথবা বর্তমান অবস্থান ধরে রেখে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া।
রোববার নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কুশনার। তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর সৃষ্ট পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ইসরাইল আরও নিরাপদ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত হতে পারে। তবে বর্তমান পথেই এগোলে দেশটি ক্রমেই বৈশ্বিকভাবে একঘরে হয়ে পড়বে।
সাক্ষাৎকারে কুশনার আরও জানান, গাজা যুদ্ধের অবসান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ সফল হবে বলে নেতানিয়াহু বিশ্বাস করতেন না। নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে কুশনার বলেন, ‘বিবি (নেতানিয়াহু) মনে করেননি, আমরা এটা করতে পারব।’
কুশনার জানান, গত কয়েক মাস ধরে তিনি নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা পুনর্গঠন পরিকল্পনা এগিয়ে নিতে রাজি করানোর চেষ্টা করেছেন। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রীর অনীহার কারণে পুরো প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে।
গাজা পুনর্গঠনের সুযোগ দ্রুত সংকুচিত হচ্ছে
গাজা পুনর্গঠন নিয়ে ইসরাইলের অবস্থানের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বোর্ড অব পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রিনবামও। গত সপ্তাহে সাংবাদিক নাদাভ আইয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহুর সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার কারণে পুনর্গঠন পরিকল্পনায় অগ্রগতি হচ্ছে না।
গ্রিনবাম বলেন, ‘নেতানিয়াহু সরকারের রাজনৈতিক ব্যক্তিদের কারণে আমরা অচলাবস্থায় রয়েছি।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের যে সমঝোতা হয়েছে, দেশটির কাছে শুধু সেই প্রতিশ্রুতিগুলোই রক্ষা করার প্রত্যাশা করা হচ্ছে। ট্রাম্পকে ইসরাইলের জন্য হোয়াইট হাউসের সবচেয়ে শক্তিশালী অংশীদারদের একজন বলেও উল্লেখ করেন তিনি।
গ্রিনবামের ভাষায়, ‘সুযোগের এই জানালা প্রতিদিনই আক্ষরিক অর্থে বন্ধ হয়ে আসছে।’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ ক্রমেই কমে আসছে।
গ্রিনবাম দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা ইসরাইলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে না। গাজা পুনর্গঠনের পরিকল্পনাটি হামাসের ওপর আস্থার ভিত্তিতে তৈরি হয়নি। বরং ফিলিস্তিনিদের কার্যক্রম এবং নির্দিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর এর সফলতা নির্ভর করছে।
এদিকে শীত ঘনিয়ে আসায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেন গ্রিনবাম। তিনি বলেন, ‘গাজার দিকে একটি বিপর্যয়কর শীত এগিয়ে আসছে।’ এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিতে ইসরাইলের প্রতি অনুরোধ জানান তিনি।
৭ অক্টোবরের হামলার জন্য হামাসকে দায়ী করে গ্রিনবাম বলেন, গোষ্ঠীটি পাইপ, কংক্রিট ও ভূগর্ভস্থ স্থাপনার মতো অবকাঠামো এবং সম্পদ বেসামরিক কাজে ব্যবহার না করে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তবে গাজার মানুষের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হামাস ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গ্রিনবামের মতে, গাজায় পণ্য ও সহায়তা প্রবেশের ওপর নিয়ন্ত্রণ থাকায় মানবিক বিপর্যয় ঠেকাতে ইসরাইলেরও দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ইসরাইল বিষয়টি পছন্দ করুক বা না করুক, ভূখণ্ডটিতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে তাদের দায়িত্ব রয়েছে।
হামাসের সঙ্গে চুক্তি যেভাবে হয়েছিল
গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে সমঝোতা প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নিজেদের ভূমিকার কথাও তুলে ধরেছেন কুশনার।
তিনি জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে মিলে তাঁরা মিসরের শারম আল-শেখে হামাসের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্ত নেন। যদিও ইসরাইল এ উদ্যোগের বিরোধিতা করেছিল।
কুশনার বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদেও হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি তুলেছিলেন তিনি। কিন্তু তখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল এবং তাকে উপহাসের মুখে পড়তে হয়েছিল।
আলোচনার সময় উইটকফ হামাসের একজন প্রতিনিধির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। ওই প্রতিনিধির তিন ছেলে ইসরাইলি হামলায় নিহত হয়েছিলেন।
উইটকফ নিজেও মাদক সেবনের অতিমাত্রার কারণে তার ছেলেকে হারিয়েছিলেন। সন্তান হারানোর অভিজ্ঞতার মিল থেকেই তিনি হামাস প্রতিনিধির সঙ্গে আলোচনার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক তৈরির চেষ্টা করেন বলে জানান কুশনার।
শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে এমন একটি সমঝোতা প্রতিষ্ঠিত হয়, যাতে হামাস সম্মত হয় এবং জিম্মিদের মুক্তির পথ তৈরি হয়।
ইসরাইল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে ট্রাম্পের প্রথম মেয়াদে সম্পাদিত আব্রাহাম চুক্তি নিয়েও কথা বলেন কুশনার। তার দাবি, এই চুক্তির কারণে ফিলিস্তিনিদের বিষয়টি আড়ালে পড়ে যায়নি। বরং অর্থনৈতিকভাবে ফিলিস্তিনিদের লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছিল।
কুশনার বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এমন সুযোগ তৈরি হতে পারে, যা সংঘাতের মধ্য দিয়ে সম্ভব নয়। তার ভাষায়, ‘অর্থনীতি এমন একটি ক্ষেত্র, যেখানে সবাই লাভবান হতে পারে। অন্যদিকে যুদ্ধের পরিণতি সবার জন্যই ক্ষতিকর।’
গাজা শান্তি পরিকল্পনা তৈরির সময় হোয়াইট হাউসে ট্রাম্প, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং নেতানিয়াহুর একজন জ্যেষ্ঠ উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথাও স্মরণ করেন কুশনার। তার দাবি, ওই বৈঠকে ট্রাম্প বলেছিলেন, ‘ফিলিস্তিনিরা যথেষ্ট ভুগেছে।’
অর্থনৈতিক উন্নয়নকেন্দ্রিক গাজা পুনর্গঠন পরিকল্পনা
গাজা পুনর্গঠন নিয়ে কুশনারের পরিকল্পনাটি শুরু থেকেই আলোচনায় ছিল। প্রচলিত কূটনৈতিক পরিকল্পনার পরিবর্তে এতে অনেকটা আবাসন ও পর্যটনকেন্দ্রিক উন্নয়ন প্রকল্পের ধারণা তুলে ধরা হয়।
পরিকল্পনায় গাজার ভূমধ্যসাগরীয় উপকূলকে পর্যটন ও আবাসনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। এর আওতায় শরণার্থীশিবির ও ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর জায়গায় হোটেল, আবাসিক ভবন এবং পর্যটনকেন্দ্র নির্মাণের ধারণা রয়েছে।
কুশনার ও টনি ব্লেয়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত বোর্ড অব পিস জরুরি পুনর্গঠনের জন্য ২৪৫ কোটি ডলার সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এ অর্থ দিয়ে হাসপাতাল পুনর্বাসন, ধ্বংসস্তূপ অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বোর্ডটির আজীবন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাম্প। বোর্ডের সদস্য হওয়ার জন্য এক বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার এই বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে। এসব দেশের সার্বভৌম সম্পদ তহবিল কুশনারের ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠানেও অর্থ বিনিয়োগ করেছে। এ কারণে তার কূটনৈতিক দায়িত্ব ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের মধ্যে সম্ভাব্য দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে কুশনার বরাবরই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হয়ে তার কাজের সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের কোনো সম্পর্ক নেই।
ইরানের সঙ্গে যুদ্ধের আগের আলোচনায়ও ভূমিকা ছিল কুশনারের
সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর আগের আলোচনায় নিজের সম্পৃক্ততার কথাও জানিয়েছেন কুশনার।
তিনি বলেন, জেনেভায় অনুষ্ঠিত আলোচনার শেষ পর্বে তিনি ও উইটকফ অংশ নিয়েছিলেন। তাদের মূল্যায়ন ছিল, ইরানের পারমাণবিক প্রস্তাবে এমন কিছু ফাঁক রয়েছে, যার মাধ্যমে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ ধরে রাখতে পারবে।
কুশনার বলেন, তিনি ট্রাম্পকে জানিয়েছিলেন, ‘দেখুন, তারা কৌশল করছে।’ উইটকফও একই ধরনের মূল্যায়ন করেছিলেন বলে জানান তিনি।
এর কিছুদিন পরই ট্রাম্প সামরিক হামলার নির্দেশ দেন। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তে তিনি নিজে সমর্থন দিয়েছিলেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি কুশনার।
তিনি বলেন, অতীতে কী ঘটেছে, তা নতুন করে পরিবর্তন করা সম্ভব নয়। বরং সেখান থেকে শিক্ষা নিতে হবে। তার মতে, বেশ কিছু অর্জন হয়েছে এবং প্রেসিডেন্টের জন্য সর্বোত্তম চুক্তি প্রতিষ্ঠার চেষ্টা করাই তাদের দায়িত্ব।
সাবেক মার্কিন প্রশাসন ও গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনায় কঠোর অবস্থান নেওয়ার জন্য ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তাদের দাবি, ইরানকে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দিয়ে কোনো চুক্তি করার পরিবর্তে সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছিল ইসরাইল। পরবর্তী সময়ে ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষেও অবস্থান নেয় দেশটি।
এদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণ ও প্রশাসনের মধ্যে হতাশা থাকলেও ইরানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন কুশনার।
আলোচনায় ইরানের পুনর্গঠনের জন্য ৩০ হাজার কোটি ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাবও রয়েছে। উপসাগরীয় দেশগুলো এবং বেসরকারি বিনিয়োগকারীদের অর্থায়নে এই তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছে।
ইরানের নেতৃত্ব এমন কোনো সমঝোতায় আগ্রহী কি না, যাতে উভয় পক্ষই লাভবান হতে পারে—এমন প্রশ্নের জবাবে কুশনার বলেন, ‘কিছুটা।’
সরকারি পদ না থাকলেও বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ
ট্রাম্প প্রশাসনে আনুষ্ঠানিক কোনো পদে না থেকেও মধ্যপ্রাচ্য নীতিতে কুশনারের প্রভাব নিয়ে আলোচনা রয়েছে। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, উইটকফের মতো তার কোনো আনুষ্ঠানিক সরকারি পদ বা কর্মী বাহিনী নেই।
কুশনারের ভাষায়, ‘স্টিভ আনুষ্ঠানিকভাবে সরকারের কর্মচারী। তার নিজস্ব কর্মী বাহিনী রয়েছে। আর আমার কাছে মূলত একটি মুঠোফোন।’
তবে সরকারি দায়িত্ব পালনের জন্য আইনসম্মত নিয়োগ না থাকলেও তিনি সরকারের কাজ করছেন—এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ট্রাম্পের প্রতি নিজের আনুগত্যের কথাও তুলে ধরেন কুশনার। তিনি বলেন, প্রকাশ্যে কখনো ট্রাম্পের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না। প্রয়োজনে এ জন্য ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতেও রাজি আছেন।
ট্রাম্পকে বিশেষ ধরনের রাজনীতিবিদ, নেতা, বস এবং শ্বশুর হিসেবে বর্ণনা করেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে একটি বৈঠকের অভিজ্ঞতাও তুলে ধরেন কুশনার। তার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। পুতিন তাকে দাদাকে নিয়ে সংরক্ষিত কিছু পুরোনো নথি উপহার দেন।
কুশনারের মতে, এর মাধ্যমে পুতিন সূক্ষ্মভাবে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ও যুক্তরাষ্ট্র মিত্র হিসেবে কাজ করেছিল।
কুশনারের ব্যবসায় বিনিয়োগ নিয়ে প্রশ্ন
কুশনারের কূটনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তার ব্যক্তিগত বিনিয়োগ ব্যবসা নিয়েও প্রশ্ন উঠেছে।
তার প্রতিষ্ঠিত বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স প্রায় ৬০০ কোটি ডলারের সম্পদ পরিচালনা করে। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল, যারা দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারের বিনিয়োগকারীরাও এতে যুক্ত রয়েছেন।
প্রতিষ্ঠানটি ইসরাইলের একটি আর্থিক প্রতিষ্ঠানেও বিনিয়োগ করেছে। ওই প্রতিষ্ঠান আবার ইসরাইলি সামরিক বাহিনীকে গোলাবারুদ, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহকারী বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।
যুক্তরাষ্ট্রের সিনেটের অর্থবিষয়ক কমিটির আগের এক তদন্তে বলা হয়েছিল, অ্যাফিনিটি পার্টনার্স ব্যবস্থাপনা ফি হিসেবে ১৫ কোটি ৭০ লাখ ডলার সংগ্রহ করেছে। তবে এ হিসাব নিয়ে আপত্তি জানিয়েছেন কুশনার।
সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে ইসরাইলের গোপন হিসাব এবং উপসাগরীয় শাসকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে। এসব কর্মকাণ্ডে নেতানিয়াহু উৎসাহ দিয়েছিলেন বলেও বইটিতে দাবি করা হয়েছে। তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন কুশনার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে নিজের ব্যক্তিগত আর্থিক স্বার্থ কখনো মেলাননি।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কুশনারের সম্পর্কও কেবল কূটনৈতিক ও বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। সাক্ষাৎকার অনুযায়ী, তারা হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ করেন এবং অনলাইন গেম ‘লিগ অব লিজেন্ডস’ও একসঙ্গে খেলেছেন।
সৌদি আরব একদিকে কুশনারের প্রতিষ্ঠানের বড় বিনিয়োগকারী, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ায় তাদের ব্যক্তিগত সম্পর্ক বিশেষভাবে আলোচনায় এসেছে।
কুশনারের ভূমিকা তদন্তের প্রস্তুতি ডেমোক্র্যাটদের
আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। দলটির জ্যেষ্ঠ নেতারা কুশনারের ব্যবসায়িক সম্পর্ক এবং ট্রাম্প প্রশাসনে তার ক্ষমতা ও প্রভাব নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির সম্ভাব্য চেয়ারম্যান জেমি রাসকিন প্রশ্ন তুলেছেন, কুশনারের কূটনৈতিক কর্মকাণ্ড আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে, নাকি ট্রাম্প পরিবারের আর্থিক স্বার্থকে এগিয়ে নিচ্ছে।
রাসকিন বলেন, ‘হয় তার বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ তোলা হচ্ছে, নয়তো তিনি ট্রাম্প পরিবারের জন্য বিলিয়ন ডলারের অর্থ সংগ্রহকারী।’
কুশনারের বিদেশি নেতাদের সঙ্গে যোগাযোগ, তার বিনিয়োগ প্রতিষ্ঠানের অর্থায়ন এবং সরকারি পদে না থেকেও কূটনৈতিক দায়িত্ব পালনের আইনি ভিত্তি—এসব বিষয় তদন্তের আওতায় আসতে পারে।
তবে নৈতিকতা ও স্বার্থের সংঘাতসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কুশনার। তিনি বলেন, আইন ও নিয়ম সম্পর্কে তিনি জানেন এবং সেগুলো লঙ্ঘনের কাছাকাছিও যান না।
নেতানিয়াহুর সঙ্গে কুশনার পরিবারের পুরোনো সম্পর্ক
ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক বহু পুরোনো। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে যুক্ত হওয়ার অনেক আগে থেকেই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা ছিল।
কুশনারের বাবা চার্লস কুশনার একজন আবাসন ব্যবসায়ী এবং নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধু। তিনি ইসরাইলপন্থী বিভিন্ন উদ্যোগেও বড় অঙ্কের অনুদান দিয়েছেন।
নিউ জার্সির লিভিংস্টনে শৈশব কাটানোর সময় থেকেই নেতানিয়াহুকে পরিবারের পরিচিত অতিথি হিসেবে দেখেছেন কুশনার। একবার যুক্তরাষ্ট্র সফরে এসে নেতানিয়াহু কুশনার পরিবারের বাড়িতে রাত কাটিয়েছিলেন। সে সময় নেতানিয়াহুকে নিজের শোবার ঘর ছেড়ে দিয়ে কুশনারকে বেসমেন্টে ঘুমাতে হয়েছিল।
বর্তমানে মায়ামির কাছে ইন্ডিয়ান ক্রিক নামের একটি অভিজাত দ্বীপ এলাকায় বসবাস করেন কুশনার। স্থানটি ধনকুবেরদের আবাসস্থল হিসেবে পরিচিত। স্ত্রী ইভাঙ্কা ট্রাম্প ও তাদের তিন সন্তানকে নিয়ে ২৪ মিলিয়ন ডলারে কেনা একটি বাড়িতে থাকেন তিনি। তাদের প্রতিবেশীদের মধ্যে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
বাড়ির বাগানে ইহুদি ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন হিসেবে একটি সুক্কাহ রয়েছে। কুশনারের কার্যালয়ে ইসরাইলের একটি মানচিত্রও টাঙানো আছে। সেখানে ট্রাম্পের হাতে লেখা বার্তা রয়েছে—‘জ্যারেড, দারুণ কাজ।’
দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের সূত্র ধরে নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হলেও এখন গাজা পুনর্গঠন ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহুকে রাজি করানো কুশনারের জন্য কঠিন হয়ে উঠেছে।
গাজা পুনর্গঠন এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা এগিয়ে নিতে চান কুশনার। তবে নেতানিয়াহুর অনীহা এবং ইসরাইলের বর্তমান অবস্থান নিয়ে তার সতর্কবার্তা ওয়াশিংটনের পরিকল্পনা ও ইসরাইল সরকারের অবস্থানের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের বিষয়টি সামনে এনেছে।