হোম > সারা দেশ

গাজীপুর ও পাবনায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

আতিকুর রহমান নগরী

গাজীপুর ও পাবনায় গতকাল রোববার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। গাজীপুর সদর থানার ধীরাশ্রম এলাকায় পানিতে ডুবে দুই শিশু এবং পাবনার ফরিদপুরের খাগরবাড়িয়ায় পানিতে ডুবে অপর দুই শিশুর মৃত্যু হয়।

স্টাফ রিপোর্টার গাজীপুর জানায়, রোববার মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- গাজীপুর মহানগরীর সদর থানাধীন ধীরাশ্রম এলাকার ঝালমুড়ি বিক্রেতা জাকির হোসেনের মেয়ে রাবেয়া খাতুন (৮) এবং তাদের প্রতিবেশী রাজমিস্ত্রি মিলন মিয়ার মেয়ে মোহনা বেগম (৮)। তারা দুজনই স্থানীয় আল নূর একাডেমি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী জানান, ওই দুজনসহ তিন শিশু দুপুরে গোসল করতে বাড়ির পাশে মাস্টার বাড়ির পুকুরে যায়। রাবেয়া ও মোহনা পুকুরের পানিতে নামলেও অপর শিশুটি পুকুর পাড়ে বসে ছিল। পুকুরে নামার সঙ্গে সঙ্গেই রাবেয়া ও মোহনা পানিতে ডুবে যায়। বেশকিছু সময় তাদের উঠতে না দেখে পাড়ে থাকা শিশুটি চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে পুকুরে তল্লাশি করে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

স্টাফ রিপোর্টার পাবনা জানায়, পাবনার ফরিদপুরের খাগরবাড়িয়া গ্রামে বাড়ির পাশের খালে বাঁশের সাঁকোর ওপর খেলা করতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জিয়ারুল ইসলাম (৮) ও জমিরন (৭) আপন চাচাতো ভাইবোন। তারা দুজন খেলা করতে করতে বাড়ির সামনের খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোর ওপর চলে যায়। সেখান থেকে দুজনেই পানিতে পড়ে তলিয়ে যায়।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে খালের পানিতে খুঁজতে থাকে এবং একপর্যায়ে সেখান থেকে তাদের উদ্ধার করে ফরিদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারা দুজনেই খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। মৃত জিয়ারুল ইসলাম খাগরবাড়িয়া গ্রামের রজব মন্ডলের ছেলে এবং মৃত জমিরন মাকছেদুল মন্ডলের মেয়ে বলে জানা গেছে।

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী