অম্লীয় মাটি, হাওর ও লবণাক্ত উপকূলীয় জমিতে চাষের উপযোগী নতুন সরিষার জাত ‘সিকৃবি সরিষা-১’। হেক্টরপ্রতি গড় ফলন ৭ দশমিক ৫ টন বলে দাবি গবেষকদের। জাতটি কৃষকের কাছে পৌঁছাতে পারলে দেশের তেলবীজ উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) গবেষকদের উদ্ভাবিত ‘সিকৃবি সরিষা-১’ জাতীয় বীজ বোর্ডের অনুমোদন ও নিবন্ধন পেয়েছে গত ৮ অক্টোবর। নিবন্ধিত জাতটি ব্রাসিকা ন্যাপাস প্রজাতির। অধ্যাপক ড. দিলারা আক্তারের নেতৃত্বে চার মৌসুমের গবেষণায় জাতটি উদ্ভাবন করা হয়।
গবেষকদের তথ্যমতে, জাতটির হেক্টরপ্রতি গড় ফলন ৭ দশমিক ৫ টন এবং আয়-ব্যয়ের অনুপাত (বিসিআর) ৫ দশমিক ১। এতে তেলের পরিমাণ ৪২ থেকে ৪৪ শতাংশ। ক্ষতিকর ইরুসিক অ্যাসিডের মাত্রাও কম। অম্লীয় মাটি, হাওরাঞ্চল এবং ৭-৮ ডেসিসিমেন্স/মিটার পর্যন্ত লবণাক্ততা সহ্য করে জাতটি চাষ করা যায়। অল্টারনারিয়া রোগের বিরুদ্ধে মাঝারি প্রতিরোধক্ষমতা এবং জাবপোকার তুলনামূলক কম আক্রমণও এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
২০২২-২৩ মৌসুমে চীন থেকে সংগৃহীত জার্মপ্লাজম থেকে L-8 লাইনটি নির্বাচন করে গবেষণা শুরু হয়। পরবর্তী সময়ে দেশের পাঁচটি কৃষি-পরিবেশ অঞ্চলে পরীক্ষামূলকভাবে জাতটি চাষ করা হয়। ২০২৫-২৬ মৌসুমে সিলেট, জগন্নাথপুর, হালুয়াঘাট, উল্লাপাড়া ও কয়রায় অগ্রবর্তী ট্রায়ালে জাতটির ফলন ও অভিযোজনক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষায় প্রচলিত বিনাসরিষা-৪ ও বিনাসরিষা-৯-এর তুলনায় বেশি ফলন পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা।
অধ্যাপক ড. দিলারা আক্তার বলেন, সিলেট, হাওর ও উপকূলীয় অঞ্চলের অনাবাদি ও প্রতিকূল জমিতে এ জাতের চাষ সম্প্রসারণ করা গেলে দেশে তেলবীজের উৎপাদন বাড়বে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ উদ্ভাবনকে সিকৃবির গবেষণার গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে বলেন, পতিত ও প্রতিকূল জমিকে উৎপাদনের আওতায় আনতে জাতটি ভূমিকা রাখতে পারে।
রবি মৌসুমে মধ্য অক্টোবর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত জাতটি চাষ করা যায়। ফসল সংগ্রহে সময় লাগে ১১৫-১২৫ দিন। গাছের উচ্চতা ২০০-২৩০ সেন্টিমিটার এবং ফুলের রঙ উজ্জ্বল হলুদ। গবেষকদের সুপারিশ অনুযায়ী, প্রতি হেক্টরে ১ দশমিক ৮ কেজি বীজ বপন করতে হবে। সারিতে বপনের ক্ষেত্রে গাছ থেকে গাছ এবং সারি থেকে সারির দূরত্ব ২৫ সেন্টিমিটার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।