সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ ২ যাত্রীকে আটক করা হয়েছে। তাদের দুটি লাগেজ থেকে প্রায় সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি টাকা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২ থেকে এসব স্বর্ণ জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।
যাত্রীর লাগেজ তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের পেষ্ট (চাকা) জব্দ করা হয়েছে।
সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিমানবন্দর এয়ারফ্রেট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, আটক দুজনের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ মামলা করবে।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রুকনপুর এলাকার হাসিব আলীর ছেলে সৈয়দ আহমদ(২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার পুর্ববাইট গ্রামের আলাউদ্দিন এর ছেলে আফতাবউদ্দিন(৩৬)।
চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর ঢুকিয়ে এসব স্বর্ণ নিয়ে আসা হচ্ছিল।বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি করা হয়। পরে বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা দুজন যাত্রীকে কাস্টমস অতিক্রমের পরে সন্দেহভাজন হিসেবে আটক করে। এসময় তল্লাশির পর তাদের কাছ থেকে স্বর্ণ জব্দ করা হয়। প্রাথমিকভাবে ওজন করে জানা গেছে উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় সাড়ে ১৭ কেজি।