পবিত্র রমজানের মর্যাদা রক্ষা ও জনসচেতনতা তৈরির লক্ষে সারা দেশে শোভাযাত্রা বের করা হয়। এ সময় সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার উদ্যোগে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার দাবিতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। গত মঙ্গলবার সকালে মাদরাসা ক্যাম্পাস থেকে র্যালিটি শুরু হয়ে মানিকগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসায় এসে শেষ হয়। শহরজুড়ে র্যালির শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি ও ধর্মীয় আবহ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। র্যালিতে নেতৃত্ব দেন মাদরাসার অধ্যক্ষ আতিকুর রহমান। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। স্লোগানগুলো ছিল- ‘রমজানের পবিত্রতা, রক্ষা করুন করতে হবে’, ‘দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ, বন্ধ রাখুন রাখতে হবে’, ‘অশ্লীলতা ও অপসংস্কৃতি রুখে দিন, রমজানের সম্মান বজায় রাখুন’, ‘মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস’।
অধ্যক্ষ আতিকুর রহমান সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, মাহে রমজানকে স্বাগত জানিয়ে উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কয়রা সদরের কপোতাক্ষ কলেজের সামনে থেকে মধুর মোড় (তিন রাস্তা) অভিমুখী মিছিলে জামায়াতের শত শত নেতাকর্মী অংশ নেন। তারা রমজানের পবিত্রতা রক্ষা করা, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, বেহায়াপনা ও অশ্লীল নৃত্য পরিবেশনা বন্ধসহ রোজা রাখার আহ্বান জানান।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সিনিয়র নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, অধ্যক্ষ ওলিউল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, মাওলানা ওলিউল্লাহ, জামায়াত নেতা মিজানুর রহমান, সুপার মাওলানা ইউনুছ আলী, মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, পবিত্র রমজানের মর্যাদা রক্ষা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদারীপুরের রাজৈর উপজেলায় বুধবার সকালে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়।
বুধবার সকালে রাজৈর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজৈর থানা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মিছিলে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, ইমাম, আলেম ও নানা বয়সি সাধারণ মানুষ অংশ নেন। পুরো এলাকা মুখর হয়ে ওঠে ‘আহলান সাহলান মাহে রমজান’ স্লোগানে।
অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা বজায় রাখা, প্রকাশ্যে অশালীনতা পরিহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান। পাশাপাশি তারা দাবি করেন, রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ রাখতে হবে এবং প্রকাশ্যে পানাহার পরিহার করতে হবে।
মিছিলটির আয়োজন করে সামাজিক সংগঠন আমরা রাজৈর পৌরবাসী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পবিত্র রমজান মাসকে যথাযথ সম্মান জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রমজানজুড়ে দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখার দাবিতে স্থানীয়ভাবে প্রচার চালানো হবে বলেও তারা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সংগঠক মুফতি ফখরুল ইসলাম মাহমুদ, মুহাম্মাদউল্লাহ ফাহমি, আবুল হাসান খান, মাওলানা আবুল বাশার, মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা আবুল হাসানসহ মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের কাউখালীতে বুধবার সকালে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ কাউখালী উপজেলার সব অঙ্গসংগঠনের উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তব্য দেন- জমিয়াতুল হিযবুল্লার পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ মামুন হোসেন, মাওলানা হাফেজ এবাদত হোসেন, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার ঈমানি দায়িত্ব।