হোম > সারা দেশ

মোহনগঞ্জে আমন ধানে ফিরেছে প্রাণ, কৃষকের মুখে হাসি

জায়েদ হাসান, মোহনগঞ্জ (নেত্রকোনা)

ছবি: আমার দেশ

টানা অনাবৃষ্টির পর সপ্তাহের দুই দফা বৃষ্টিতে নেত্রকোণার মোহনগঞ্জে আমন ধানের মাঠে সজীবতা ফিরে এসেছে। বৃষ্টির পানিতে জমির ফাটল বন্ধ হয়ে ধানগাছ দ্রুত বেড়ে উঠছে। এতে ধানের গুণগত মান ভালো হবে বলে আশা করছেন কৃষকেরা।

এর আগে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় উপজেলার উঁচু জমির আমন খেত শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল। কৃষকেরা ডোবা, বিল ও ডিজেলচালিত মেশিন দিয়ে সেচ দিয়ে ফসল বাঁচানোর চেষ্টা করছিলেন। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে গিয়েছিল।

গত সপ্তাহের বৃষ্টিতে সেই চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। মোহনগঞ্জের মাঘান-সিয়াদার, বরতলী-বানিয়াহারী, সমাজ-সহিলদেও, তেতুলিয়া, বড়কাশিয়া-বিরামপুর, গাগলাজুর ও সুয়াইর—এই ৭টি ইউনিয়ন এবং পৌর এলাকার মাঠে এখন কেবলই সবুজের সমারোহ। বিশেষ করে ব্রি-৩৯, ব্রি-৪৯, ব্রি-২২, ব্রি-৩৪, কালিজিরা ও চিনিগুঁড়া জাতের ধানগাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। অনেক জমির ধান এখন কাইচ থোড় (গম ও ধানের শীষ বের হওয়ার আগের অবস্থা) পর্যায়ে রয়েছে।

খুরশিমুল গ্রামের কৃষক অসিত সরকার বলেন, “বৃষ্টির পর জমিতে প্রাণ ফিরেছে। ধানগাছ তরতর করে বড় হচ্ছে। আশা করছি, এবার ফলন ভালো হবে।”

উলুকান্দা গ্রামের কৃষক নয়ন মিয়া বলেন, “বৃষ্টি হওয়ায় সেচের বাড়তি খরচ থেকে বেঁচে গেলাম। মাঠের চেহারা এখন পুরোপুরি বদলে গেছে, দেখলেই মন জুড়িয়ে যায়।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নেত্রকোণা জেলায় ১ লাখ ৩৫ হাজার ৯০০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সময়মতো এই বৃষ্টি আমন ধানের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। বৃষ্টির পানিতে জমিতে প্রয়োজনীয় রস জমেছে, যা ধানের স্বাভাবিক বৃদ্ধি ও দানা গঠনে দারুণভাবে সহায়ক হবে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০