জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন,জামায়াত গত আন্দোলনে শহীদদের বাড়িতে পৌঁছাতে চেষ্টা করেছে। আহতদের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারকে আরো আন্তরিকতার সঙ্গে আহতদের পাশে দাঁড়াতে হবে।
শুক্রবার সকালে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যার যার জায়গায় চলে যাবেন। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য নয়। আমাদের দিকে কেউ লালচোখে তাকালে সেটি আমরা বরদাস্ত করবো না। আমরা বিদেশি বন্ধু চাই কিন্তু প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক রাখতে চাই।
পতিত আওয়ামী লীগ সরকার তাদের সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, যা দেশের জাতীয় বাজেটের পাঁচ গুণ। তারা জামায়াতের নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, বাড়িঘর, অফিস-আদালত লুট করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। শুধু জামায়াত নয়, দেশপ্রেমিক প্রতিটি দল ও সাধারণ মানুষের ওপর এমন নির্যাতন হয়েছে। তারা জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, নিষিদ্ধ করেছে।
দেশের হাজারো আলেম ওলামাকে হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে জেলে নিয়েছে। তিনি বলেন, ইজ্জত দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেন, আবার প্রয়োজনে কেড়ে নেন। গণভবনে সেদিন রান্না হয়েছিল কিন্তু কপালে সেই খাবার লেখা ছিল না। আওয়ামী লীগ তিনটি নির্বাচনের নামে তাণ্ডব চালিয়েছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না। যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তাদের আবার কীসের নির্বাচন- মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ দেশের ১৮ কোটি মানুষকে প্রতিপক্ষ ভেবে নির্যাতন করেছে। মানুষের জন্য মায়া ভালোবাসা ছিল না বলেই আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে তারা।
তিনি জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের আস্থার দাম দিতে হবে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ হওয়া যাবে না। ঘুষ ও কেলেঙ্কারিকে প্রশ্রয় দেয়া যাবে না। মানুষের ভালোবাসার মূল্য দিতে হবে।
নাটোর জেলা জামায়াত আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, পাবনা জেলা আমির আবু তালেব মন্ডল, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম রাসেল, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ।
/এফ/