হোম > সারা দেশ

ছাত্রলীগ নেতাকে চাকরিতে পুনর্বহালে বিএনপি নেতাদের সুপারিশ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান। ক্ষমতার দাপটে ২০২৩ সালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে মাস্টার রোলে অফিস সহকারী পদে চাকরি বাগিয়ে নেন। সংগঠন পরিচালনার পাশাপাশি নিজ নামে লাইসেন্স বানিয়ে ঠিকাদারি পেশাও অব্যাহত রেখেছেন। তার এমন অপকর্মের অভিযোগ তুলে ২০২৫ সালের ৯ মার্চ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের নেত্রী শাহানাজ খাতুন। অভিযোগে উল্লেখ করা হয়, নাহিদ হাসান একজন ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের গুপ্তচর। বিগত ১৬ বছরে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে ভিন্ন মতাদর্শের দলের নেতাকর্মীদের ওপর জুলুম ও নির্যাতন করেছেন। সে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সক্রিয় করছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অফিসে বসে গুপ্তচরে লিপ্ত রয়েছেন। অভিযোগের পরেও কার্যক্রম থেকে সরে আসেননি ছাত্রলীগের এই নেতা।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরদিন চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিদ হাসানকে মৌখিকভাবে অফিসে আসতে নিষেধ করেন। এরপর ২০২৫ সালের ১৫ নভেম্বর চাকরিতে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন বিভাগে আবেদন করেন নাহিদ হাসান। তার অনুলিপি পাঠান জেলা বিএনপির সদস্যসচিব ও আহ্বায়কের কাছেও। সেই কপিতে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া লেখেন, ‍‌‍মানবিক কারণে তার কর্মস্থলে পুনঃযোগদানের জোর সুপারিশ করছি।

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম এম জামাল লেখেন, তার কর্মস্থলে পুনঃযোগদানের জোর সুপারিশ করেছি। এরপর বিএনপি নেতা জাকারিয়া কয়েকজন বিএনপি নেতাকে নিয়ে নাহিদ হাসানের জন্য ছুটে যান নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে। সেখানে গিয়েও পুনর্বহালের জন্য চাপ দেন নির্বাহী প্রকৌশলীকে। ফলে বাধ্য হয়ে ছাত্রলীগ নেতা নাহিদ হাসানকে যোগদান করাতে সম্মতি দেন চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিনুর রহমান।

এদিকে নাম না প্রকাশ করার শর্তে বিএনপির কয়েকজন নেতা বলেন, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিএনপির নেতারা একজন ফ্যাসিস্টের পক্ষে সুপারিশ করেছেন। তারা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে নাহিদ হাসানকে মুঠোফোনে কয়েক দফা কল দেওয়া হলেও তিনি মন্তব্য করতে রাজি হনননি। তার পক্ষে সুপারিশকারী চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম এম জামাল বলেন, নাহিদ হাসান তার খালাতো ভাই। সে জন্যই মানবিক কারণে সুপারিশ করেছেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি প্রতিবেদককে অর্থের প্রলোভন দেখান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে প্রথমে তিনি উত্তেজিত হয়ে যান। পরে তিনি জানান, নাহিদ হাসান চাকরিতে যোগদান করতে পারবেন না।

চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়ে নাহিদ হাসানকে অফিসে আসা বন্ধ করা হয়েছিল। পরে বিএনপি নেতাদের জোর সুপারিশে পুনর্বহাল করা হয়েছে।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

বাকৃবিতে প্রেমঘটিত বিরোধে মারামারি, পণ্ড জুনিয়র রিসেপশন

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

সিডিএ চেয়ারম্যান পদ পেতে দৌড়ঝাঁপ ৮ বিএনপি নেতার