হোম > সারা দেশ

লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি করে ৪২ লাখ টাকা দাবি, নাটোরে আটক ২

স্টাফ রিপোর্টার

লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং অর্থ আদায়ের ঘটনায় মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গত বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. সোহেল রানা (৪৫)। আজ শুক্রবার সিআইডির মিডিয়া শাখার পুলিশ সুপার ছুফি উল্লাহ এ তথ্য জানান।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সি বৃদ্ধ আব্দুস সামাদ। তার একমাত্র ভরসা ছেলে মো. সাইফুল। সংসারের অভাব দূর করতে প্রায় দুই বছর আগে স্থানীয় দালাল সোহেলের মাধ্যমেই পাড়ি জমান লিবিয়ায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই শুরু হয় বিপত্তি। প্রবাসের মাটিতে নামার পরেই আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েন তিনি। চক্রের সদস্যরা তাকে বন্দি করে ফেলে।

২০২৫ সালের আগস্ট মাসের শুরুর দিকে লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, সাইফুলকে তাদের মুঠোবন্দি করে রাখা হয়েছে। তাকে জীবিত পেতে হলে ৩০ লাখ টাকা দিতে হবে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। নিরুপায় হয়ে সাইফুলের পরিবার বিভিন্ন সময়ে দালালের দেওয়া নম্বরে মোট ৫ লাখ টাকা পাঠিয়ে দেয়। কিন্তু টাকা পাওয়ার পরও চক্রের লোকজন সাইফুলের সঙ্গে পরিবারের কারো কথা বলানোর ব্যবস্থা করেনি।

টাকা পাওয়ার পর প্রতারক চক্র আরও বেপরোয়া হয়ে ওঠে। সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানায়, সব তথ্য তার জানা আছে এবং সে নিজেই লিবিয়া গিয়ে সাইফুলকে ফিরিয়ে আনবে। এই মিথ্যা আশ্বাসে ভুক্তভোগী পরিবারকে ঢাকার কদমতলীতে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর থেকেই সোহেলের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বৃদ্ধ বাবার ফোনে কল করে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। তারা জানায়, লিবিয়ায় অবস্থানকারী মোকাররম ও আনোয়ারের কাছে বন্দি রয়েছে সাইফুল। বারবার এমন প্রতারণার শিকার হয়ে হতাশ ও অসহায় হয়ে পড়েন বৃদ্ধ বাবা। সাফ জানিয়ে দেওয়া হয়, ছেলের সঙ্গে কথা না করিয়ে আর এক টাকাও দেওয়া হবে না। এরপর থেকেই বন্ধ হয়ে যায় অপরাধীদের যোগাযোগের সব পথ।

ছেলের জীবন নিয়ে চরম শঙ্কায় পড়ে শেষ পর্যন্ত আইনি সহায়তার পথ বেছে নেন বাবা আব্দুস সামাদ। তিনি বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে দীর্ঘ অনুসন্ধান শেষে গত ১২ নভেম্বর নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. মনোয়ার হোসেন ও মো. সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিআইডি। লিবিয়ায় বন্দি সাইফুলকে উদ্ধার এবং এই চক্রের আন্তর্জাতিক নেটওয়ার্কের অন্য কুশীলবদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে: গণপূর্তমন্ত্রী

নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি