হোম > সারা দেশ

দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন শুরু

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সৃষ্টি, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এ বছর ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি জানান, নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে পাবনার চাটমোহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। চাটমোহর উপজেলা পরিষদ কাঁঠাল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, কবি, শিল্পী ও সাহিত্যিকরা অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি জানান, উদ্বোধন উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংস্কৃতি কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও নাগরপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানটি পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা মুকুল। এ সময় উপজেলা সহকারী কমিশনার দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, ডা. মো. আব্দুল মমিন, মো. জহুরুল ইসলাম, মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, মো. হাবিবুর রহমান, অশোক কুমার, ইফতেখার সারোয়ার ধ্রুব, রামেন্দ্র সুন্দর বোসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে নজরুলের গান, কবিতা ও আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, ডা. আতিকুর রহমান, স্নেহাশীষ রায়, মঞ্জুর কাদের বাবুল খান, আলহাজ আব্দুল গফুর, মিজানুর রহমান রতন, খালেদ মাসুদ তালুকদার সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান, ডা. মো. শফিকুল আলম, মো. সাজ্জাদ হোসেন খান, মাওলানা আবদুস সাত্তার, মো. লুৎফর রহমান, আমেনা বেগম, মোর্শেদুল ইসলাম শাজু, মো. কামাল হোসেন, আবুল বাসার এবং মো. দাদন মিয়া প্রমুখ।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন এবং ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজস্থলী উপজেলা পরিষদের গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এবং উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, আবুল হাশেম, কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া, রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির বৈচিত্র্যময় জীবন, কালজয়ী সাহিত্যকর্ম এবং তার সৃষ্টির মূল সুর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের কবিতা ও গান আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণা জোগাবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের শিল্পীরা নজরুলের কালজয়ী কবিতা আবৃত্তি এবং সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

১৭ বছর অপেক্ষা শেষে আরসিসি ঢালাই

ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ

সিকদারহাট-ভান্ডারিয়া সড়কের করুণ দশা

কমছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি, বেড়েছে নদীভাঙন

২২ দিনেও সন্ধান মেলেনি ফারজানার

ভোগান্তিতে সাধারণ মানুষ, মেলে না চিকিৎসাসেবা

সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু

পানি কমার সঙ্গে সঙ্গে ধরলায় তীব্র ভাঙন

এক রাতে দুই মৎস্যঘেরে বিষপ্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

‎পরশুরাম সীমান্তের ৫০ পয়েন্ট দিয়ে আসছে ভারতীয় পণ্য