হোম > সারা দেশ > ময়মনসিংহ

পর্যটনের অপার সম্ভাবনায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া

আসাদুজ্জামান আসাদ, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

শাল-গজারির গহিন বন, বন্যপ্রাণীর মিতালি, দেশের বৃহত্তম বদ্ধ জলাশয় ‘বড়বিলা’ আর রূপকথার আনই রাজার স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা। ৩৯৯ বর্গকিলোমিটার আয়তনের এই জনপদটি প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদে সমৃদ্ধ হলেও শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সরকারি-বেসরকারি উদ্যোগের অভাবে গড়ে উঠছে না পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র। অথচ এই খাত থেকে প্রতি বছর সরকারের কয়েক লাখ টাকা রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে।

বড়বিলা ও রহস্যঘেরা ‘নবাইকুরি’

ময়মনসিংহ জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে রাঙ্গামাটিয়া ইউনিয়নে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বদ্ধ জলাশয় ‘বড়বিলা’। এই বিলের আকর্ষণ শুধু পদ্ম, শাপলা আর শালুকই নয়, বরং এর ভেতরে থাকা রহস্যময় ‘নবাইকুরি’ পর্যটকদের টানে। প্রায় ৩০০ বর্গফুট এলাকা জুড়ে এটির অবস্থান। শীতের আগমনে এখানে ভিড় জমায় দেশি-বিদেশি অতিথি পাখি। প্রতিদিন শত শত দর্শনার্থী বিলের বুকে নৌকাভ্রমণে প্রকৃতির সান্নিধ্য পেতে ছুটে আসেন।

রূপকথার আনই রাজার ভিটা

বড়বিলার পাশেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আনই রাজার ভিটা। লোকমুখে প্রচলিত, বহু বছর আগে এখানে আনই রাজার এক সুরক্ষিত রাজপ্রাসাদ ছিল। জাঁকজমকপূর্ণ ছিল তার রাজ প্রাসাদটি। কিন্তু প্রতিবছরই তার প্রাসাদটি প্রচণ্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত হতো। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে রাজা চারদিকে বিশাল খাল খনন করে লোহার প্রাসাদ তৈরি করেছিলেন। জনশ্রুতি রয়েছে, এক প্রলয়ংকরী ঝড়ের রাতে মায়ের আর্তকণ্ঠ শুনে প্রাসাদের দরজা খোলার সঙ্গে সঙ্গে পুরো লোহার প্রাসাদটি ঝড়ের বেগে উড়ে গিয়ে পাশের খালে নিমজ্জিত হয়। এই রোমাঞ্চকর লোকগাথা আজও পর্যটকদের কৌতূহলী করে তোলে।

সন্তোষপুরের ‘সামাজিক বানর’ ও রাবার বাগান

উপজেলার কেশরগঞ্জ বাজার থেকে ৮ কিলোমিটার আঁকাবাঁকা মেঠোপথ পেরিয়ে গেলেই দেখা মেলে সন্তোষপুর বনাঞ্চলের। সবুজ বনায়ন ও প্রকৃতির সৌন্দর্য, শাল-গজারি গাছ, বন্যপ্রাণী ও পাখিদের কিচিরমিচির শব্দ যে কাউকে করে তুলবে ব্যাকুল। এখানে রয়েছে বিশাল রাবার বাগান। রাবার গাছ থেকে কষ আহরণের দৃশ্য পর্যটকদের কাছে বেশ উপভোগ্য। তবে এখানকার মূল আকর্ষণ হলো প্রায় পাঁচ শতাধিক বন্য বানর। দর্শনার্থীরা এদের নাম দিয়েছেন ‘সামাজিক বানর’। কারণ, এরা মানুষের ভয় পায় না; বরং পর্যটকদের কাঁধে বা মাথায় চড়ে খাবার খায়। ছোট শিশুরা এসব বন্যপ্রাণীর সঙ্গে মেতে ওঠে খুনসুটিতে।

উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা গ্রামে রয়েছে দেশের বৃহৎ ব্যক্তিমালিকানাধীন ‘দীপ্ত অর্কিড বাগান’। বাগানটি জারবেরাসহ দেশি-বিদেশি ফুল ও ফলের গাছে সাজানো।

অর্কিড বাগানে যাওয়ার পথে দেখে যেতে পাবেন ঐতিহ্যপূর্ণ ‘তমালতলা গুপ্তবৃন্দাবন’, যেখানে কৃষ্ণের অবতার হয়েছিল এবং গোপন লীলায় মত্ত থাকতেন কৃষ্ণ। যার ফলে এ গ্রামটি ‘গুপ্তবৃন্দাবন’ নামে পরিচিতি লাভ করে।

এছাড়া বেতবাড়ী গ্রামে বিনোদনের জন্য বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে একটি পার্ক।

যাতায়াত ও ভ্রমণ খরচ

ঢাকা থেকে পর্যটকরা সকালে রওনা হয়ে সারাদিন এসব স্পট ঘুরে রাতেই ফিরে যেতে পারেন। ময়মনসিংহ সদর থেকে বাস বা সিএনজিযোগে ১২০ থেকে ১৫০ টাকা ভাড়ায় এখানে পৌঁছানো যায়। জনপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে চমৎকার একটি ভ্রমণ সম্ভব।

স্থানীয়দের দাবি, ফুলবাড়ীয়ার এই দর্শনীয় স্থানগুলোকে সুপরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন জোনে পরিণত হবে।

শেরপুরে ট্রাক-বাস সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে যানজট

অবৈধ বালু উত্তোলন করায় কৃষকদল নেতাকে জরিমানা

ময়মনসিংহে ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

লুটে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব

জামালপুরে ২ হাজার ৫০০ লিটার পেট্রল জব্দ, জরিমানা ৫০ হাজার

বেড়েছে জ্বালানি তেল মজুতের ঘটনা, ধরা পড়ছে মজুতদারেরা

নেত্রকোণায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ

দেওয়ানগঞ্জ সীমান্তে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

মাদক ও দুর্নীতি নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে

শেরপুরে ১৮ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা