হোম > সারা দেশ > ময়মনসিংহ

মুসলিম পরিচয়ে বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা, শূন্যরেখায় অনাহারে ঘুরছেন বৃদ্ধ

জেলা প্রতিনিধি, জামালপুর

ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশইনের অভিযোগের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

কয়েকদিন ধরে তিনি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রখর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন প্রায় ৬০ বছর বয়সী ওই মুসলিম বৃদ্ধ। খোলা আকাশের নিচে তার দিন-রাত কাটছে আতঙ্ক, অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে।

সীমান্তে উপস্থিত অনেকেই বলছেন, বৃদ্ধের অবস্থা দেখে মনে হচ্ছে যেন পৃথিবীতে তার কোনো দেশ নেই, কোনো আশ্রয় নেই।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের আসাম রাজ্যের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা চেন্নাইয়ের বাসিন্দা ওই মুসলিম বৃদ্ধকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। সকালে তাকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়।

খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেন। পুশইন ঠেকাতে স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাকে প্রতিহত করা হয়।

পরে তিনি ভারতের দিকে ফিরে গেলে বিএসএফ সদস্যরাও তাকে ধাওয়া দিয়ে আবার বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় আটকা পড়ে যান ওই বৃদ্ধ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কখনো বাংলাদেশের দিকে, কখনো ভারতের দিকে যেতে বাধ্য হওয়া মানুষটির অবস্থা ছিল অত্যন্ত করুণ। সীমান্তের কাঁটাতারের মাঝখানে দাঁড়িয়ে অসহায়ভাবে এদিক-ওদিক ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। তার চোখেমুখে ছিল আতঙ্ক, অনিশ্চয়তা আর ক্লান্তির ছাপ।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “কয়েকদিন ধরে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে যাচ্ছে বিএসএফ। আজ সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্যরেখায় ঠেলে পাঠায় তারা। কিন্তু বিজিবি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও হয়নি। তবে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমাদের সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।”

সীমান্তবাসীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশইনের একাধিক ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে ভারতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিদেরও বাংলাদেশি দাবি করে সীমান্তে পাঠানোর চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের মতে, ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী দরিদ্র ও প্রান্তিক মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ এ ধরনের ঘটনার শিকার হচ্ছেন।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলছেন, কোনো ব্যক্তিকে তার নাগরিকত্ব যাচাই ছাড়া জোরপূর্বক অন্য দেশের ভূখণ্ডে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার পরিপন্থী। এ ধরনের ঘটনা শুধু সীমান্ত আইন লঙ্ঘনই নয়, মানবিক মূল্যবোধেরও চরম অবমাননা।

এদিকে শূন্যরেখায় দাঁড়িয়ে থাকা অসহায় বৃদ্ধের দিকে তাকিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন— একজন মানুষের পরিচয় কি শুধুই তার ধর্ম? যদি তিনি ভারতের নাগরিক হন, তাহলে কেন তাকে নিজের দেশের সীমান্তেই অবাঞ্ছিত হতে হবে? সীমান্তের কাঁটাতারের দুই পাশে রাষ্ট্রের অবস্থান থাকলেও মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বৃদ্ধ যেন নীরবে মানবতা, নাগরিকত্ব ও রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে এক কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন।

এসআর

বকশীগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালালো ভারতীরা

উদ্ধারে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপনি গুলি করলে আমি বসে থাকবো? বিএসএফকে বিজিবি

হাসিনা আসবে স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

দুই বছর ধরে বন্ধ ত্রিশাল উপজেলা পরিষদ ভবনের নির্মাণকাজ

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

বগি লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

গফরগাঁওয়ে কলেজছাত্র হত্যায় অস্ত্রসহ যুবলীগের কর্মী আটক