হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে স্থানীয় জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাহাদুরাবাদ-বালাসী নৌপথ ঐতিহাসিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ রুট। ব্রিটিশ আমল থেকে এই নৌপথ উত্তরাঞ্চল এবং দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ক্ষেত্রে এ রুটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত সেতু নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের কোটি মানুষের যাতায়াত ব্যবস্থা সহজতর হবে। একই সঙ্গে পণ্য পরিবহন ব্যয় কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কৃষি ও শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তাদের দাবি, দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও গতিশীল করতে এবং দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এই রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এখন সময়ের দাবি। সেতুটি নির্মিত হলে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি দ্রুত এ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেন তারা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। স্থানীয়রা আশা প্রকাশ করেন, জনস্বার্থ বিবেচনায় বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই