ময়মনসিংহ-৮ আসনের এমপি লুৎফুল্লাহেল মাজেদ
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘প্রতিটি এলাকায় কিশোর গ্যাং নিয়ে আওয়াজ তুলুন।’
এদের নাম, বাবার নাম, ছবিসহ তালিকা করুন। এদের ভালো হয়ে যেতে বলব। এদের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন। কোনো রাজনৈতিক নেতা যদি এদের শেল্টার দেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও লেখেন, ‘এদের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এলাকাছাড়া করুন। কোনো মেয়েকে উত্ত্যক্ত করলে রুখে দাঁড়ান। আমার এলাকায় প্রত্যেক মেয়েকে স্কুলে যেতে হবে নিরাপদে। কেউ ভয় পাবে না, সাহসী হও। আমরা পারবই।’
তার স্ট্যাটাসের মন্তব্যর ঘরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা।
সাখুয়া আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হাশিম উদ্দিন মন্তব্যে লেখেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে কিশোর গ্যাংয়ের উপদ্রব বেড়েছে। তারা প্রকাশ্যে সামাজিক অপরাধে জড়াচ্ছে, স্কুলগামী মেয়েদের উত্ত্যক্তসহ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল টাইমে পুলিশি টহল বাড়ানোর পরামর্শ দেন তিনি।
রাসেল পাঠান নামে এক ব্যক্তি মন্তব্যে দাবি করেন, উচাখিলা বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের প্রভাব বেশি। তাদের কারণে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, চুরি, ছিনতাই ও মাদক কারবারসহ নানা অপকর্ম ঘটছে। দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার বিকেলে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি এবং বাজার মনিটরিং টিম গঠনের আহ্বান জানিয়ে পৃথক স্ট্যাটাস দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, দল–মতনির্বিশেষে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে মনিটরিং টিম গঠন করতে হবে, যেন সিন্ডিকেট করে কেউ দ্রব্যমূল্য বাড়াতে না পারে।