নেত্রকোনার পূর্বধলা উপজেলায় র্যাব-১৪-এর অভিযানে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ জানতে পারে যে, কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে পূর্বধলা উপজেলার মানুষউড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ১০ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন অস্ত্র ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি লাল রঙের বাজারের ব্যাগ ঘটনাস্থলে পড়ে যায়। পরে অভিযানে অংশ নেওয়া সদস্যরা ব্যাগটি উদ্ধার করে এবং উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
র্যাব জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।