হোম > সারা দেশ > ময়মনসিংহ

পুশইন ঠেকাতে অতন্দ্রপ্রহরীর ভূমিকায় জামালপুরের সীমান্তবাসী

শওকত জামান, জামালপুর

জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর এলাকা থেকে ছবি

সীমান্তে পুশইন ঠেকাতে দিনে উদ্বেগ, উৎকণ্ঠা ও পাহারায় নির্ঘুম রাত কাটছে জামালপুর সীমান্তবাসীর। রাত হলেই নেমে আসে আতঙ্ক। উদ্বেগ, উৎকণ্ঠায় রাতভর চলে সীমান্তে পাহারা। সীমান্তের কাছে একটি গ্রামের রাস্তার মোড়ে দাঁড়িয়ে যুবকরা পাহারা দিচ্ছেন। কারো হাতে টর্চলাইট, কারো হাতে বাঁশের লাঠি। দূরে সীমান্তের দিকে নজর রেখে তারা মোবাইল ফোনে খবর আদান-প্রদান করছেন। রাতভর দায়িত্ব পালন শেষে ভোরে বাড়ি ফেরার কথা। কিন্তু তাদের বিশ্রামের সুযোগ খুব কম। কারণ দিনের বেলাতেও যেকোনো সময় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। তখন আবার ছুটতে হয় সীমান্তের দিকে। যেন যুদ্ধাবস্থা বিরাজ করছে এই সীমান্তে।

ওপারে ভারতের মেঘালয় ও আসাম, এপারে বাংলাদেশের জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ সীমান্ত। পুশইন নিয়ে উত্তেজনা পরিস্থিতির এই দুই উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সীমান্তবাসীর জীবনে এখন স্বাভাবিকতা বলতে কিছু নেই। রাতের ঘুম হারাম হয়েছে অনেক আগেই। দিনের বেলাতেও কাটছে উৎকণ্ঠা আর সতর্কতার মধ্যে। সীমান্তে কোনো ধরনের পুশইনের খবর, উত্তেজনা কিংবা সন্দেহজনক পরিস্থিতির খবর এলেই মুহূর্তের মধ্যে লাঠিসোঁটা হাতে জড়ো হচ্ছেন শত শত মানুষ।

সীমান্ত এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ, দিনমজুরি, ক্ষুদ্র ব্যবসা কিংবা মাছ ধরার সঙ্গে জড়িত। দিনে জীবিকার সংগ্রাম আর রাতে সীমান্ত পাহারা দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে অনেকেই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। দেওয়ানগঞ্জ সীমান্তের বগার চরের মকবুল হোসেন নামে এক কৃষক বলেন, সারাদিন জমিতে কাজ করি। রাতে পাহারায় থাকতে হয়। ভোরে ঘুমাতে যাই। আবার দিনের বেলায় খবর আসে সীমান্তে লোক জড়ো হতে হবে। তখন সব কাজ ফেলে ছুটে যেতে হয়। ওবায়দুল নামে আরেক যুবক বলেন, এখন আমরা ঠিকমতো ঘুমাতে পারি না। মোবাইল ফোন সবসময় চালু রাখতে হয়। কখন কোথা থেকে খবর আসে বলা যায় না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্ত এলাকায় কোনো ধরনের পুশইনের আশঙ্কা বা খবর ছড়িয়ে পড়লেই গ্রামের পর গ্রাম থেকে মানুষ বেরিয়ে আসেন। হাতে লাঠিসোঁটা, বাঁশ কিংবা দেশীয় সরঞ্জাম নিয়ে তারা সীমান্ত এলাকায় অবস্থান নেন। অনেক সময় কয়েক মিনিটের মধ্যে শত শত মানুষের সমাগম ঘটে।

কয়েকজন সীমান্তবাসী জানান, রাতের পাহারার পাশাপাশি দিনের বেলাতেও তারা বিভিন্ন স্থানে নজরদারি রাখছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল ফোন ও স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হচ্ছে। কোথাও কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত খবর ছড়িয়ে দেওয়া হয়।

ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন, দোকানে বসে থাকলেও মন সীমান্তে থাকে। খবর পেলেই দোকান বন্ধ করে চলে যেতে হয়। এখন ব্যবসার চেয়ে সীমান্তের চিন্তাই বেশি।

সীমান্ত এলাকায় ঘুরে দেখা গেছে, স্থানীয় অনেক তরুণ স্বেচ্ছায় তথ্য সংগ্রহের কাজও করছেন। সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় কারা আসছে, কারা যাচ্ছে, কোথাও কোনো অস্বাভাবিক তৎপরতা আছে কি না, এসব তথ্য তারা নজরে রাখছেন। প্রয়োজন হলে তা দ্রুত বিজিবির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

বকশীগঞ্জের রামরামপুর এলাকার নাদিম নামে এক তরুণ বলেন, আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না। তবে সীমান্তের বিষয়ে সতর্ক থাকি। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের জানাই।

সীমান্ত এলাকার নারীরা বলছেন, পরিবারের পুরুষ সদস্যরা প্রায় প্রতিদিন রাত জেগে পাহারা দিচ্ছেন। আবার দিনের বেলাতেও খবর পেলেই ছুটে যেতে হচ্ছে। ফলে পরিবারের মধ্যে উদ্বেগ বেড়েছে।

সানজিদা নামে এক গৃহিণী বলেন, রাতে পাহারায় যায়, দিনে আবার খবর পেলে সীমান্তে যায়। কখন খায়, কখন ঘুমায়, তার ঠিক নেই। সবসময় দুশ্চিন্তায় থাকি।

শিশুদের জীবনেও এর প্রভাব পড়েছে। অনেক পরিবারে সীমান্ত পরিস্থিতি নিয়ে সারাক্ষণ আলোচনা চলছে। ফলে শিশুদের মধ্যেও অজানা ভয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাত জেগে পাহারা দেওয়া এবং দিনের বেলায়ও সতর্ক অবস্থানে থাকার কারণে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে। কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কাজকর্মেও প্রভাব পড়ছে। অনেকেই পর্যাপ্ত ঘুমের অভাবে অসুস্থ বোধ করছেন।

সীমান্তঘেঁষা দেওয়ানগঞ্জের পার রামরামপুর ইউনিয়নের রহিমপুরের বাসিন্দা দিনমজুর তালেব আলী বলেন, দিনে কাজ না করলে সংসার চলে না। আবার সীমান্তের ডাক এলে না গিয়েও উপায় নেই। এখন জীবনটাই যেন পাল্টে গেছে।

এএস

সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

বারহাট্টায় বজ্রপাতে যুবক নিহত

দায়িত্ব অবহেলায় তিন চিকিৎসককে শোকজ

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু