নেত্রকোনা জেলা সদরের বাংলা এলাকায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২২ হাজার ৫০০ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নেত্রকোনা সদরের সাখাওয়াত হোসেন সজিব (৩৯), মুক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার আল রিফাত চৌধুরী জয় (২২) এবং একই এলাকার মাহমুদুল হাসান রাফি (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা শহরগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িটি থেকে ১ হাজার ১৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আটক চারজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক জানান, মামলার পর আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
এমএইচ