জন্মদিনের কেট কেটে ফেরার পথে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে ১টার দিকে পৌর শহরের শিলাসী মাজার বাড়ি রোড এলাকায় তাকে হত্যা করা হয়।
নিহত নাহিয়ান রবিন (২৩) গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেনের ছেলে এবং কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র। এ সময় তার বন্ধু মাসুম (২৪ ) পিটিয়ে আহত করা হয় ।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও পৌর এলাকার কলেজ রোডের নিজবাড়ি ব্যবসায়ী মোতাবেল মিয়ার ছেলে মো. রাজিব মিয়া (৪১) কে আটক করেছে পুলিশ। এ সময় দুটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড কার্তুজ, ১০০ পিস ইয়াবা, ১টি সুইস গিয়ার, চাকু উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল নাহিয়ান রবিনের ২৩তম জন্মদিন। সোমবার রাত ১২টা ১ মিনিটে গফরগাঁও পশু হাসপাতাল রোডের বউ বাজারের পাশেই কেক কাটার আয়োজন করেন বন্ধুরা। জন্মদিনের কেক কেটে মায়ের হাতে ভাত খাওয়ার জন্য রবিন বন্ধুদের তাগাদা দেয় দ্রুত অনুষ্ঠান শেষ করার জন্য। অনুষ্ঠান শেষে বন্ধু মাসুমের মোটরসাইকেলে বাড়ির পথে রওয়ানা দেয় রবিন ।মাজারবাড়ি রোড ও কলাবাগান রোডের মোড়ে পৌঁছলে আগে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে। রবিন ও মাসুমের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দেয় তারা। পরে পাইপ দিয়ে রবিন ও মাসুমকে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে দেয়। মাসুম দৌড়ে বাঁচতে পারলেও দুর্বৃত্তরা রবিনকে পিটিয়ে ও কোপাতে থাকে। খবর পেয়ে স্থানীয়রা রবিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত সাড়ে তিনটার দিকে রবিনের মৃত্যু হয়।
রবিনের মা শান্তা বেগম (৪২) বলেন, ছেলে আমাকে ফোন করে জানাল, মা আসতেছি। জন্মদিনে তোমার হাতে ভাত খাব । ছেলে তো আসলো না। ছেলের লাশ আসলো। আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।
রবিনের পিতা মোফাজ্জল হোসেন (৪৬) বলেন, বাজারের ব্যবসায়ী মোতালেবের ছেলেদের সাথে অনেক আগে আমার ছেলের শক্রতা ছিল। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।
গফরগাঁও থানার ওসি আ.স.ম আতিকুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
জেডএম