ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরা নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় উপজেলার তালদীঘি নামক স্থানে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পশ্চিম তালদীঘি গ্রামের ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করতে প্রতিদিনের মতো বাড়ি থেকে রওনা হন। কিছুদূর যাওয়ার পর দুই মেয়ে আরবিয়া (৮) ও রাবেয়াও (৬) তার সঙ্গে যেতে চাইলে তিনি তাদেরকে বাড়িতে ফেরত পাঠান।
এর পরপরই ময়মনসিংহের দিক থেকে আসা নীল ও হলুদ রঙের একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান আরবিয়া ও রাবেয়াকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুইবোন মারা যায়।
নিহত আরবিয়া ও রাবেয়া তালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে দ্বিতীয় ও শিশু শ্রেণির ছাত্রী ছিল। তারা উপজেলার পশ্চিম তালদীঘি গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাশিদ জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
Ñএমএইচ