হোম > সারা দেশ > ময়মনসিংহ

১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রাসেল মিয়া মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বুরহান স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাসেল মিয়াকে পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী ও বীর নাদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় এক সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে রাসেল মিয়াসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে মাদারগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকা থেকে মোট ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে জুলাই মাসে ছয়টি, আগস্ট মাসে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। চুরি হওয়া এসব ট্রান্সফরমারের অধিকাংশই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে উধাও হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো অপকর্মের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।

জেডএম

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই