টানা কয়েক দিনের ভারি বর্ষণে জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ–দেওয়ানগঞ্জ–ইসলামপুর সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস নেমেছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ।
সোমবার (১৩ জুলাই) সরেজমিনে দেখা যায়, অতিবৃষ্টির কারণে সড়কের কয়েকটি অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের এক পাশ ধসে পড়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর সিরাজাবাদ এলাকার মানুষের ইসলামপুর উপজেলা সদর ও দেওয়ানগঞ্জে যাতায়াতের অন্যতম প্রধান পথ এই সড়ক। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং রোগীদের চিকিৎসাকেন্দ্রে নেওয়ার কার্যক্রম।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়েছিল। টানা বর্ষণে সেই দুর্বল অংশগুলো ধসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ বলেন, সড়কটির স্থায়ী সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলমান রয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশে ড্রামশিট প্যালাসাইডিং ও বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করার কাজ শুরু হয়েছে।