যমুনা নদীতে গোসল
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে শিশুরা। এ সময় নদীর প্রচণ্ড স্রোতে তারা তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৭ ঘণ্টা তল্লাশি চালানোর পর বিকেলের দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা সম্ভব হয়।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, “ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”