‘জনগণের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে, সমাজে বিভিন্ন অসংগতি, বৈষম্য ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়গুলোকে তুলে ধরে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সাংবাদিকদের রাজনীতি করার প্রয়োজন নাই; সাংবাদিকদের কাজটা যদি সাংবাদিকেরা সঠিকভাবে করেন, তাহলে সমাজ উপকৃত হবে, রাজনীতি উপকৃত হবে, রাষ্ট্রও উপকৃত হবে। সাংবাদিকদের রাজনৈতিক সচেতন হতে হবে, তবে একেবারে রাজনীতির ভেতরে ঢুকে পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাংবাদিকতার মানকে প্রশ্নবিদ্ধ করে গেছে। আমি আশা করি, আপনারা সাংবাদিকতার মানটা ধরে রাখবেন।’ ময়মনসিংহের গৌরীপুরে গৌরীপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনূষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার দুপুর ১২টায় গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত প্রেসক্লাব মিলনায়তনের এই সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে গৌরীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ। এ সময় আরো বক্তব্য দেন—সাংবাদিক মো. রইছ উদ্দিন, কাজী আব্দুল্লাহ আল আমীন প্রমুখ|
একই দিনে জেলা পরিষদ ময়মনসিংহের অর্থায়নে এবং ‘কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অব হিউমেন‘-এর আয়োজনে বেলা সাড়ে ১১টায় গৌরীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলার ২৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিভঙ্গি একটি মানবিক, কল্যাণমুখী, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। মানবিক, কল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের তার এই প্রচেষ্টা তখনই সফল হবে, যখন আমার এই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূল শ্রোতধারায় নিয়ে আসতে পারব এবং তাদের যার যার যোগ্যতানুযায়ী সমাজের বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে পারব। আর এ বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিরলস কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ছাড়াও স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচ