হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

ময়মনসিংহের গৌরীপুরে ভুয়া কাগজপত্র জমা দিয়ে ভোটার হতে গিয়ে মোহাম্মদ মাসুদ (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করে গৌরীপুর থানার পুলিশ। সোমবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। তার বাবার নাম মো. জোবায়ের ও মায়ের নাম শাকিলা খাতুন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আটক মাসুদ গৌরীপুর এলাকায় ভোটার হওয়ার জন্য নিয়মানুযায়ী কাগজপত্র জমা দিলেও এতে তার বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, মায়ের নাম শান্তনা আক্তার এবং ঠিকানা হিসেবে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের নাম উল্লেখ করা হয়। তার জমা দেওয়া নথির মধ্যে ছিল সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, জন্মনিবন্ধন, একটি মাদ্রাসার শিক্ষাগত যোগ্যতার সনদ এবং একটি বেসরকারি হাসপাতালের রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদন।

জানা যায়, সোমবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে এলে মাসুদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এ সময় তিনি মুখে বাংলা বলতে পারলেও বাংলায় লিখতে পারছিলেন না। তিনি তার স্বাক্ষর দিতে গিয়ে অন্য ভাষায় স্বাক্ষর দেন। এতে দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হয়। পরে তার কাগজে-কলমে দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে জানা যায়, দৌলতাবাদ গ্রামে মোহাম্মদ মাসুদ নামে কেউ নেই। জমা দেওয়া মাদ্রাসার প্রত্যয়নপত্র যাচাই করেও জানা যায়, ওই নামে তাদের কোনো শিক্ষার্থী কখনো ছিল না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর তার কথাবার্তায় সন্দেহ হয়। যাচাই করে দেখা যায়, সব নথিপত্র ভুয়া। দালাল চক্রের মাধ্যমে ভোটার হওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

আটক মাসুদ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই ব্লকের বাসিন্দা স্বীকার করে বলেন, কদ্দুছ বা কবীর নামের এক ব্যক্তি এক লাখ টাকার চুক্তিতে তাকে ভোটার আইডি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে এখানে নিয়ে এসেছেন।

তিনি ইতিমধ্যেই ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন। মাসুদ জানান, কয়েক দিন আগে তাঁকে গৌরীপুরে আনা হয় এবং গৌরীপুর স্টেশান রোডের একটি হোটেলে তাকে রাখা হয়। পরে সোমবার দুপুরে সাগর নামের আরেক ব্যক্তি তাকে নির্বাচন অফিসে নিয়ে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাসুদ নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

এমএইচ

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক

বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে মৃত্যু

খাল খননে অনিয়ম-দুর্নীতি, শ্রমিকদের কাছ থেকে নেওয়া হয়েছে ব্ল্যাংক চেকে স্বাক্ষর

বারহাট্টায় ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

নেত্রকোণায় মাদককে লাল কার্ড দেখালেন ফুটবলপ্রেমীরা

বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক

মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার