ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বোকাইনগর ইউনিয়ন তরুণ দলের সভাপতি মুক্তার হোসেন। রোববার দুপুরের পর উপজেলার রামগোপালপুর এলাকার ‘গাঙচিল রেস্টুরেন্টে’র সামনে বিপরীতমুখী এক মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুক্তার হোসেন মোটরসাইকেলযোগে তার আত্মীয়ের বাড়ী পার্শ্ববর্তী উপজেলা ঈশ্বরগঞ্জে যাচ্ছিলেন। তিনি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর গাঙচিল রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলটির মূখমোখি সংঘর্ষ হয়।
এসময় সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুছরে গেলে মুক্তার হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও আঘাত গুরুতর হওয়ায় পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ।
গৌরীপুর থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দীন করিম জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।