শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙ্গাজান নামক সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ২৯২ পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে বিজিবি। সোমবার (২৯ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) তাওয়াকুচা বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব শাড়ী জব্দ করে।
চোরাই পথে আনা এসব ভারতীয় শাড়ীর আনুমানিক মূল্য ১৭ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় শাড়ী পাচারের চেষ্টা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। পরে তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ জানান, শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি সদস্যরা।