ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম মাসুদ রানা (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অপর নিহত শ্রমিক সিয়াম (৩৫) ঝিনাইদহের বাসিন্দা। ভবন নির্মাণ কাজের সুবাদে শ্রমিকরা ময়মনসিংহ শহরে অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কলেজ রোড এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনের আটতলায় লিফট স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ভবনের মালিক ডা. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য ঠিকাদারকে প্রয়োজনীয় সব সামগ্রী সরবরাহ করা হয়েছে। শ্রমিকদের নিয়োগ ও তদারকির দায়িত্ব ঠিকাদারের।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ