হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাইগাতীতে কালভার্ট ভেঙে যাওয়ায় বাড়ছে জনদুর্ভোগ

শাহরিয়ার মিল্টন, শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীর ভারুয়া কুশাইকুড়া সড়কে ভেঙে গেছে কালভার্ট । আমার দেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া কুশাইকুড়া সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের সাধারণ মানুষ। প্রতিদিন প্রাত্যহিক কাজে শ্রমজীবী মানুষ, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও স্কুলগামী শিশুদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের তৈরি বাঁশের সাঁকোটিও সম্প্রতি ভেঙে পড়ায় সড়কটিতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের বন্যায় পাহাড়ি ঢলের পানির স্রোতে সড়কের একটি অংশের সঙ্গে কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয়। পরে নিজেদের উদ্যোগে ভাঙা অংশের ওপর বাঁশের সাঁকো তৈরি করে চলাচল শুরু করেন তারা। কিন্তু সেটিও নড়বড়ে হয়ে ভেঙে পড়ায় এখন ইজিবাইক, রিকশা ও ভ্যানসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ভারুয়া, কুশাইকুড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় তিন হাজার মানুষ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, বয়স্ক ব্যক্তি ও রোগীদের যাতায়াতে বেশি সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ইতোমধ্যে সাঁকো পার হতে গিয়ে কয়েকজন স্কুলশিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তি পড়ে আহত হয়েছেন বলেও তারা জানান।

কুশাইকুড়া গ্রামের সুমন মিয়া বলেন, ২০২৪ সালের বন্যায় সড়কের মাঝখানে বড় ধরনের ভাঙন দেখা দেয় এবং কালভার্টটিও ক্ষতিগ্রস্ত হয়। পরে এলাকাবাসী চাঁদা তুলে সেখানে বাঁশের সাঁকো তৈরি করেন। এর আগে পানি নিষ্কাশনের জন্য ওই এলাকায় তিনটি কালভার্ট, একটি ব্রিজ ও একটি ইউড্রেন ছিল। এসব অবকাঠামো নষ্ট হওয়ায় বর্ষায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং কৃষিজমি ও ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, চলতি বছর অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির স্রোতে সড়কের আরো কিছু অংশ, কালভার্ট ও ইউড্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল হক মনির বলেন, নলকুড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কের কালভার্ট ও ইউড্রেনসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত সেখানে একটি বক্স কালভার্ট নির্মাণের দাবি জানান তিনি।

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন, ভাঙনকবলিত সড়ক ও কালভার্টটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ করা প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ভারুয়া-কুশাইকুড়া সড়কের ভাঙা কালভার্টের বিষয়টি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। জনস্বার্থ বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই