ময়মনসিংহের মুক্তাগাছার বিরাশি গ্রামে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় ২১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ১ মে সন্ধ্যায় বিরাশি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ঘর থেকে ৩৫ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলামের ছেলে সৌরভ মিয়া (৩০) এবং একই গ্রামের আবুল কালামের ছেলে জনিকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
পরে তাদের তথ্যের ভিত্তিতে উপজেলার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালা শারমিন আক্তার শিখার গোয়ালঘর থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনই পেশাদার চোর ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, চুরি হওয়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এমই