হোম > সারা দেশ > ময়মনসিংহ

রাজনীতি হোক মানুষের সেবায়: ডেপুটি স্পিকার

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল

বলেছেন, রাজনীতির মূল লক্ষ্য যদি হয় জনকল্যাণ, তবে সেই কল্যাণের সবচেয়ে সুন্দর রূপটি দেখা যায় মানুষের সেবায়।

সোমবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত সাধারণ মানুষ, চিকিৎসাপ্রার্থী ও সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘হেলথ ক্যাম্প বা এই ধরনের চিকিৎসাসেবা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, গত দুই বছর ধরেই তারা এমন কার্যক্রম চালিয়ে আসছেন, এটি তাদের তৃতীয় বছর। বিগত সময়ে রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিকূলতার কারণে মানবিক কাজগুলো স্বাধীনভাবে করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘গত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে আসছি। শুধু কলমাকান্দা নয়, দুর্গাপুর, নাজিরপুর, লেঙ্গুরা, গাওকান্দিয়াসহ বিভিন্ন জায়গায় এই ক্যাম্প চলমান রয়েছে।’

চক্ষু শিবির শুধু ব্যবস্থাপত্র দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনের লজিস্টিক ও ব্যবস্থাপনা রীতিমতো চমকপ্রদ। ডেপুটি স্পিকার জানান, গত বছর কলমাকান্দা ও দুর্গাপুর মিলিয়ে আনুমানিক সাড়ে ছয় হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং এর মধ্যে প্রায় দুই হাজার রোগীর চোখের ছানি সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

এবারের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘যাদের চোখের ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের তালিকাভুক্ত করা হচ্ছে। বরাবরের মতোই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তাদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে। সেখানে দুই-তিন দিন রেখে অপারেশন শেষে আবার আমাদের দায়িত্বে প্রতিটি রোগীকে তাদের নিজ বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়া হবে। যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসা—পুরো প্রক্রিয়াই সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে।’

তিনি মনে করেন, রাষ্ট্র বা সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এমই

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই