২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন
শেরপুর সদরের নতুন বাগলগড় এলাকায় মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পিবিআই।
প্রেমঘটিত দ্বন্দ্ব, পারিবারিক বিরোধ ও অপমানের জের ধরে পরিকল্পিতভাবে যুবক আলামিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে জামালপুর পিবিআই।
বুধবার বিকেলে জামালপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, ঘটনার পরপরই তদন্ত শুরু করে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পিবিআই সূত্র জানায়, গত ১৮ মে বিকেলে শেরপুর সদরের নতুন বাগলগড় এলাকার একটি নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে মাথাবিহীন অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা পোশাক ও জুতা দেখে লাশটি তার ছেলে আলামিনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তদন্তে উঠে আসে, নিহত আলামিনের ডিভোর্সি বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত শুভর। এ সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। একপর্যায়ে আলামিন, শুভর বোনকে নিয়ে আপত্তিকর প্রস্তাব দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে শুভ। পরে অপমানের প্রতিশোধ নিতে পরিকল্পিত হত্যার ছক আঁকে সে।
পিবিআই আরো জানায়, গত ১৩ মে আলামিনকে কৌশলে মোটরসাইকেলে তুলে নির্জন স্থানে নিয়ে যায় শুভ। সেখানে আগে থেকেই অবস্থান করছিল তার সহযোগী সম্রাট। পরে লাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করা হয় আলামিনকে। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ফেলে রাখা হয় ঘাস ক্ষেতে।
ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও রশি জব্দ করেছে পিবিআই। এছাড়া প্রধান অভিযুক্ত শুভ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তারকৃতরা হলো— জামালপুর শহরের পাথালিয়া গ্রামের উজ্জ্বলের ছেলে শুভ (১৯) এবং একই গ্রামের দুলাল মিয়ার ছেলে সম্রাট (২০)।
সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন : প্রযুক্তিনির্ভর তদন্তের কারণে খুব অল্প সময়ের মধ্যেই হত্যার মূল রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। তদন্ত এখনও চলমান রয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত সময়ে রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করলেও প্রেমঘটিত সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এমএইচ