হোম > সারা দেশ > ময়মনসিংহ

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে-এটাই সরকারের প্রত্যাশা: তথ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে-এটাই সরকারের প্রত্যাশা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, সরকার চায় গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করুক এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরুক।

সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য ও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বাংলাদেশ সরকারের কাছে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে। কোথাও পেট্রোল বা ডিজেল পাওয়া যাচ্ছে না-এমন অভিযোগ উঠলে তা নজরদারির আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে অতীতে লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো জোরালোভাবে কাজ করতে হবে। গত ৫ আগস্টের ঘটনার পর দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। যদিও ময়মনসিংহে তেমন কোনো ঘটনা ঘটেনি, তবুও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে হবে। পাশাপাশি অতীতে যেসব ব্যক্তিকে অযোগ্য হয়েও অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

যানজট প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহ শহরের যানজটের জন্য রাস্তার সংকট নয়, বরং ব্যবস্থাপনার অভাবই মূল কারণ। অবৈধ স্থাপনা, ফুটপাত দখল এবং অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে শহরের বিভিন্ন সড়কে যানজট তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের উদ্যোগকে সবাইকে সহযোগিতা করতে হবে।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, শুধু মাদকসেবীদের আটক করলেই সমস্যার সমাধান হবে না; মাদকের উৎস ও সরবরাহ বন্ধ করতে হবে। এজন্য যানবাহনে তল্লাশি বাড়ানো এবং উপজেলা ভিত্তিক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কিশোর গ্যাং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি এখন সারা দেশের জন্য বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা প্রতিরোধে পরিবার ও অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি- বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড- সম্পর্কে জনগণকে অবহিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রচারণা চালাচ্ছে এবং জেলা পর্যায়েও এ বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার করা হবে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মূলত পুলিশ ও র‌্যাবের। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অপরাধীরা পুলিশকে ভয় পায় না। এ অবস্থার পরিবর্তন জরুরি। তিনি বলেন, পুলিশকে আরও দায়িত্বশীল ও কার্যকরভাবে কাজ করতে হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরো বলেন, পুলিশ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে রাজনৈতিক দলগুলো পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না বরং সহযোগিতা করবে।

সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার বহু বছর পার হলেও এখনো মেট্রোপলিটন পুলিশ গঠন করা হয়নি। ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ বা রেঞ্জ রিজার্ভ অফিস গঠন করা হলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক সমস্যার সমাধান হবে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপার আরও জানান, মাদক নিয়ন্ত্রণে ময়মনসিংহের প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে জেলার ভেতরে মাদক প্রবেশ প্রতিরোধ করা যায়।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের এমপি জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের এমপি কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের এমপি মো. আক্তারুজ্জামান বাচ্চু।

এছাড়া সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নারীকে স্বাবলম্বী হতে হলে পড়াশোনার বিকল্প নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

নালিতাবাড়ীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম, ভোক্তাদের পণ্য উধাও

শ্রীবরদীতে বেড়েছে ভুট্টার আবাদ, বাম্পার ফলনের সম্ভাবনা

মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, সত্যতা পেলো তদন্ত কমিটি

জামালপুরে সাংবাদিকের বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ অসম্পূর্ণ, উৎকণ্ঠায় কৃষক

বকশীগঞ্জে দিনের বেলায় বৃদ্ধের অটোভ্যান ছিনতাই