গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৩ শিশুর মৃত্যু হলো। গত শনিবার (১১ এপ্রিল) জামালপুরের সরিষাবাড়ি থেকে হামের উপসর্গ নিয়ে ৭ মাসের শিশু হাসপাতালে ভর্তি হয়। পরে সোমবার (১৩ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া এবং হৃদরোগ ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩২ শিশু হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ রোগী। মোট ৭৪ জন রোগী হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৪৫৭ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তার মধ্যে ৩৭০ জন চিকৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ১৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।