জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় ১০যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ৬জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।
বুধবার রাতে উপজেলার চর সুখনগরী বারখাদা গ্রামে এ ঘটনা ঘটে।
অপহৃত কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, খিলকাটি গয়েসপাড়া গ্রামের নাইম ইসলাম (১৮) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিশোরী এতে সাড়া না দিয়ে বিষয়টি পরিবারকে জানান। পরে পরিবারের পক্ষ থেকে নাইমের স্বজনদের বিষয়টি অবহিত করা হলে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন। কিশোরীকে অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাইমসহ কয়েকজন যুবক ওই কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিতে চান। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ধাওয়া করে ৬জনকে আটক করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরসুখনগরী বারখাদা এলাকার শাহজাহান মুন্সির ছেলে মনিরুল ইসলাম বাবু (২০), হবি মুন্সির ছেলে সবুজ মিয়া (২১), হবি মণ্ডলের ছেলে হোসেন আলী (১৮), জগলুল পাশার ছেলে সাজিবুল হাসান সজিব (২০), খিলকাটি গয়েসপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে আনন্দ হাসান (১৮) এবং তাছের মণ্ডলের ছেলে ইউনুস মিয়া (১৮)।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমই