হোম > সারা দেশ > ময়মনসিংহ

কবি কায়কোবাদের স্মৃতিবিজড়িত পুরোনো মসজিদ এখন শুধুই স্মৃতি

শওকত জামান, জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীর ঐতিহ্যবাহী পিংনা রসপাল জামে মসজিদটি একসময় ধর্মীয়, সাহিত্যিক ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ১৮০৩ সালে প্রতিষ্ঠিত এ মসজিদটি একদা ছিল সুফি-সাধক ও জ্ঞানীদের মিলনস্থল। প্রাচীন মোগল আমলের অন্যতম এই স্থাপত্যশৈলী কবি কায়কোবাদের স্মৃতিবিজড়িত প্রাচীন ইবাদতখানা। এ মসজিদের বারান্দায় বসেই কবি কায়কোবাদ তার বিখ্যাত ‘আজান’ কবিতাটি লিখেছিলেন।

সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল গ্রামে অবস্থিত ঐতিহাসিক মসজিদটি এখন আর আগের মতো নেই। কালের বিবর্তনে সেখানে এখন দাঁড়িয়ে আছে আধুনিক ভবন। হারিয়ে গেছে দুই শতকের বেশি সময়ের স্মৃতি বহনকারী সেই প্রাচীন স্থাপত্য। ঐতিহ্যবাহী মসজিদটি ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে। এতে হারিয়ে গেছে কবি কায়কোবাদের স্মৃতিবিজড়িত সেই মসজিদ ভবন আর বারান্দা।

তবুও প্রবীণদের স্মৃতিচারণে আজও জীবন্ত হয়ে ওঠে এক গৌরবময় অতীত। স্থানীয়দের কাছে মসজিদটি কেবল নামাজের স্থান নয়। বরং ইতিহাস, সংস্কৃতি ও জনজাগরণের এক অনন্য মিলনস্থল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অবিভক্ত বাংলার সময় থেকেই পিংনা রসপাল জামে মসজিদ ছিল এলাকার গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক কেন্দ্র। সে সময়ের প্রভাবশালী রাজনৈতিক নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো ব্যক্তিত্ব এ মসজিদে এসেছেন বলে প্রবীণরা জানান। তাদের উপস্থিতি মসজিদটিকে স্থানীয়ভাবে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল।

স্থানীয়রা জানান, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদও এ মসজিদে নামাজ আদায় করেছিলেন। পিংনা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এলাকায় এসে তিনি মসজিদটির নান্দনিক স্থাপত্য ও ঐতিহ্যের প্রশংসা করেছিলেন বলে স্মৃতিচারণ করেন স্থানীয়রা।

স্থানীয়রা আরো জানান, বাংলা মুসলিম সাহিত্যধারার অন্যতম গুরুত্বপূর্ণ কবি কায়কোবাদের নাম এই মসজিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কবি কায় কোবাদ পিংনায় পোস্টমাস্টার হিসেবে কর্মরত থাকাকালে নিয়মিত এ মসজিদে নামাজ আদায় করতেন।

প্রবীণদের দাবি, মসজিদের বারান্দায় বসেই কবি তার বিখ্যাত ‘আজান’ কবিতা রচনা করেছিলেন। শুধু তা-ই নয়, বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত কাব্যগ্রন্থ ‘মহাশ্মশান’-এর বেশকিছু অংশও তিনি এ পরিবেশে বসেই লিখেছিলেন বলে প্রবীণ সাহিত্যিক ও স্থানীয়দের বিশ্বাস। সাহিত্যপ্রেমীদের মতে, এমন একটি স্থান জাতীয়ভাবে সংরক্ষণের দাবি রাখে। কারণ, এটি কেবল একটি ধর্মীয় স্থাপনাই ছিল না; বরং বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত একটি স্মৃতিচিহ্ন।

অতীতের একমাত্র সাক্ষী সেই পুকুর

মসজিদের দক্ষিণ পাশে ১৯৩৫ সালে খনন করা একটি পুকুর এখনো টিকে আছে। এক সময় মুসল্লিদের অজু ও গোসলের জন্য ব্যবহৃত সেই পুকুর এখন যেন হারিয়ে যাওয়া ইতিহাসের একমাত্র নীরব সাক্ষী হয়ে আছে।

স্থানীয় প্রবীণরা জানান, বহু বছর ধরে অবহেলা ও ক্ষয়ের কারণে পুরোনো মসজিদটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে স্থানীয় মুসল্লিদের উদ্যোগে সেটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হয়। কিন্তু সংরক্ষণের অভাবে পুরোনো স্থাপত্যের কোনো অংশই আর অবশিষ্ট রাখা সম্ভব হয়নি। ফলে হারিয়ে গেছে একটি ঐতিহাসিক নিদর্শনের দৃশ্যমান অস্তিত্ব।

নতুন প্রজন্মের কাছে ইতিহাস অজানা

স্থানীয়রা জানান, এলাকার অনেক তরুণই জানে না এ স্থানটি একসময় কতটা গুরুত্বপূর্ণ ছিল। এখানে যে একজন খ্যাতিমান কবি বসে সাহিত্যচর্চা করেছেন কিংবা দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছেন—সেসব তথ্য এখন ধীরে ধীরে বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থেকে যাবে। তাদের মতে, মসজিদ প্রাঙ্গণে কবি কায়কোবাদের স্মরণে একটি স্মারক ফলক স্থাপন করা যেতে পারে।

একইসঙ্গে সংরক্ষণ করা যেতে পারে ঐতিহাসিক পুকুরটি। প্রয়োজনে এখানে একটি ছোট তথ্যকেন্দ্র বা স্মৃতিচিহ্ন নির্মাণের উদ্যোগও নেওয়া যেতে পারে।

সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য

বাংলার গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা বহু ঐতিহাসিক স্থাপনার মতো পিংনা রসপাল জামে মসজিদও সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। অথচ এ ধরনের স্থাপনাগুলো কেবল ইট-পাথরের ভবন নয়, বরং একটি অঞ্চলের সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।

আজ মসজিদটির পুরোনো অবয়ব আর নেই। কিন্তু মানুষের স্মৃতিতে রয়ে গেছে তার ইতিহাস, গল্প আর তার গৌরবময় অতীত। সে গল্পই বারবার মনে করিয়ে দেয়—সংরক্ষণের অভাবে ইতিহাস কখনো কখনো নিঃশব্দেই হারিয়ে যায়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কৃষক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২

উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে

মাদারগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে অন্ধকারে ৬০ গ্রামের মানুষ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীপুরে নেতাকর্মীদের অবস্থান

কুলিয়ারচরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সাময়িক বরখাস্ত ১, বদলি ১১

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, বিএনপি নেতাদের হাতে অর্ধেক কার্ড

গফরগাঁওয়ে যুবকের মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার