দেশে জ্বালানি তেল মজুতের ঘটনা বেড়েছে। নানাভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। এই জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। এতে ধরা পড়ছে জ্বালানি মজুতদারেরা।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক বানিয়ে ১৮ হাজার লিটার ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক তৈরি করে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। সেখানে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুত ছিল।
বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেল মজুতের অপরাধে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি শুক্রবারের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে অবৈধভাবে মজুত করা ৩ হাজার ১০ লিটার পেট্রোল কালোবাজারে বিক্রিয়কালে জব্দ এবং ১১ জন কালোবাজারীকে আটকের ঘটনায় ১৭ জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামিরা হলেন— মন্টু মিয়া, আল আমিন, শাহজামাল ওরফে জামাল উদ্দিন, আ. হাকিম, ফরহাদ মিয়া, হামিদুর রহমান, মো. মারুফ হোসেন, মো. জহুরুল ইসলাম, মো. মোগল ড্রাইভার, মো. আলতাবুর ওরফে পিপলু ড্রাইভার, স্বপন, ফুল মিয়া, মনির হোসেন ড্রাইভার, হাফিজুর রহমান, সোহেল রানা, মো. জগলু মিয়া ও সবুজ মিয়া। আসামি তেল ব্যবসায়ী সোহেল রানা, জগলু মিয়া ও সবুজ মিয়া পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় পেট্রোল ও ডিজেলের কোনো প্রকৃত সংকট নেই। তবে সম্ভাব্য সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কায় সাধারণ গ্রাহকদের অতিরিক্ত তেল কেনা ও মজুতের প্রবণতা বেড়েছে।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, আগে প্রতিদিন একটি স্টেশনে যেখানে এক থেকে দেড় হাজার লিটার পেট্রোল বিক্রি হতো, বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার থেকে চার হাজার ৫০০ লিটারে। চাহিদা মেটাতে সরবরাহ বাড়ানো হলেও গ্রাহকদের অতিরিক্ত ক্রয়ের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। তাদের অভিযোগ, অনেক গ্রাহক সম্ভাব্য সংকটের আশঙ্কায় নিয়মিত প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে বাড়িতে মজুত করছেন। ফলে বাজারে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যদিও সরবরাহ স্বাভাবিক রয়েছে। এদিকে এতে দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটছে এবং বাড়ছে ভোগান্তি।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এক বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার ত্রিমোহনী বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে জনৈক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ ছিল।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। তিনি জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করতে দেওয়া হবে না।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে তেল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে পাঁচ দিন করে কারাদণ্ড ও আড়াই হাজার লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সখীপুর পৌরসভার পূর্বদেশ ফিলিং স্টেশনের মালিক আতিকুর রহমান ও পৌরসভার উত্তরা মোড়ের জাহাঙ্গীর ট্রেডার্সের মালিক জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সখীপুর পৌর শহরের উত্তরা মোড়ের জাহাঙ্গীর ট্রেডার্স ও পিচের মাথা এলাকার পূর্বদেশ ফিলিং স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা।