রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় শ্যালো মেশিনচালিত মুরগিবোঝাই একটি নছিমনের সঙ্গে বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাধনপুর থেকে পুঠিয়াগামী একটি মুরগিবোঝাই নছিমনের সঙ্গে পুঠিয়া থেকে তাহেরপুরগামী বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের ওপর থাকা শ্রমিক নাইম (২০), হামিম (২৫) ও চালক মো. সোহেল (৩৮) রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক নাইম ও হামিমকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহত নছিমন চালক মো. সোহেল প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর ড্রাম ট্রাকের চালক মো. মিন্টু (৪০) ও তার সহকারী মো. স্বাধীন আলী (২২) পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত অবস্থায় ট্রাকের হেলপার মো. স্বাধীন আলীকে ভর্তি করা হয়। ট্রাক চালক মো. মিন্টুকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, “আমার গাড়ির দুজন লোক মারা গেছে। প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। অনেক বড় ক্ষতি হয়ে গেছে।”
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুরগিবাহী নছিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এখনো কোনো মামলা হয়নি। স্বজনরা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”