হোম > বাণিজ্য

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

ফাইল ছবি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে (ওএসএস) যুক্ত হয়েছে বেসরকারি খাতের পাঁচ ব্যাংক। ব্যাংকগুলো হলো-ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), সীমান্ত ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

ব্যাংকগুলো যুক্ত হওয়ায় এখন থেকে বিনিয়োগকারীরা ওএসএস পোর্টালের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার মতো সেবা গ্রহণ করতে পারবেন।

রোববার ব্যাংকগুলোর সঙ্গে বিডার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিডার সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।

অনুষ্ঠানে তিনি বলেন, বিনিয়োগকারীদের দ্রুত, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে বিডা ধারাবাহিকভাবে ওএসএস প্ল্যাটফর্মকে শক্তিশালী করছে। এরই ধারাবাহিকতায় পাঁচটি শীর্ষস্থানীয় ব্যাংককে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হলো, যাতে বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, পরিচালক (ওএসএস ও ডাটা অ্যানালাইটিকস) সুনীল কুমার অধিকারী, সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহীদুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শামসুল আরেফিন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী জিয়াউল ইসলাম বক্তব্য দেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে ১৪২টি সেবা চালু রয়েছে। এ ব্যবস্থার সঙ্গে বিডাসহ ৪৭টি স্টেকহোল্ডার প্রতিষ্ঠান যুক্ত আছে এবং এখন পর্যন্ত দুই লাখ ১৫ হাজারের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নতুন পাঁচটি ব্যাংক যুক্ত হওয়ায় সেবার পরিধি আরও বাড়বে।

ভবিষ্যতে বিডা ওএসএসের মাধ্যমে ৬০ প্রতিষ্ঠানের ১৫০ এর বেশি সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি সকল আইপিএগুলোর সমন্বিত সিংগেল প্লাটফর্ম বাংলাবিজের মাধ্যমেও উল্লিখিত সেবাসমূহ পাওয়া যাবে।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ