চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের যুক্ত হওয়ার ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে ‘ব্লু পেপার’ প্রকাশ করে।
‘সিল্ক রোড ধরে স্বপ্নের পথে, পারস্পরিক কল্যাণে ভবিষ্যৎ বিনির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে চীনা দূতাবাসের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, গবেষক ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সিইএবির সভাপতি হান কুন অবকাঠামো, জ্বালানি, যোগাযোগ, প্রযুক্তি, শিক্ষা ও শিল্প উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতার অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে বিসিসিসিআইয়ের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বিসিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম তাঁর বক্তব্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, চীনা বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ম্যান-মেড ফাইবার (এমএমএফ), মূলধনী যন্ত্রপাতি, কারিগরি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ওষুধশিল্প, আবাসন ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
একই সঙ্গে বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজারে আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা পাওয়া যেতে পারে।
অনুষ্ঠানে ড. ইমতিয়াজ আহমেদ ব্লু পেপারটি উপস্থাপন করেন। ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ বিআরআইতে যুক্ত হওয়ার পর গত এক দশকে বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে এই প্রকাশনায়। এতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। পাশাপাশি শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়েইন বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।