আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে আধুনিক প্যাকেজিং, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সরাসরি সমন্বয় ও যৌথ উদ্যোগ গ্রহণের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করা গেলে বিশ্ববাজারে দেশীয় কৃষিপণ্যের রপ্তানি আরও বিস্তৃত হবে।
বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমানের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি নির্ণয় করে সার প্রয়োগ করা গেলে উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের মাটির পুষ্টিমানভিত্তিক মানচিত্র (সয়েল ম্যাপিং) তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি অঞ্চল ও মৌসুমভেদে উপযোগী ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর জোর দেন মন্ত্রী।
বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের একটি নির্ভরযোগ্য অবস্থান তৈরি করা জরুরি। নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত কার্যক্রম নেওয়া হলে বিদ্যমান বাজার সম্প্রসারণ ও নতুন বাজারে প্রবেশের সুযোগ বাড়বে। এ জন্য কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থাপিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তাজা ফল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন, তাজা শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন। আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।
রপ্তানিকৃত ফলের মধ্যে শীর্ষে রয়েছে আম (১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন), কাঁঠাল (৭১৯ দশমিক ২২ মেট্রিক টন) এবং লেবুজাতীয় ফল (৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন)। এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিসে রপ্তানি হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় প্যাকিং হাউস স্থাপনের আগে মানদণ্ডসংক্রান্ত অসংগতির কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিবছর গড়ে ১২০ থেকে ১৭০টি নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন আসত, যা বর্তমানে ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে। বিশেষ করে কঠোর মান নিয়ন্ত্রণ ও উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা (ফাইটোস্যানিটারি) ব্যবস্থাপনা অনুসরণ করে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম রপ্তানি করা হলেও কোনো নেতিবাচক নোটিফিকেশন আসেনি।
২০১৭-১৮ অর্থবছর থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রদান এবং নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে। এতে রাজস্ব আয়ও বেড়েছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ২১ হাজার ৫১৬টি সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ২৩ টাকা রাজস্ব আহরণ হয়েছে, যার মধ্যে শুধু ২০২৫-২৬ অর্থবছরেই ৪ হাজার ৫০৪টি সার্টিফিকেট থেকে আয় হয়েছে ২৩ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী প্যাকিং হাউসের বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করেন এবং টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, ল্যাবরেটরি রূপান্তর প্রকল্পের পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউসের ভারপ্রাপ্ত উপপরিচালক সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফ ও সংগনিরোধ কীটতত্ত্ববিদ সমর বাড়ৈসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।