হোম > বাণিজ্য

৬৪ জেলার পণ্য নিয়ে ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিক শিল্পমেলা

অর্থনৈতিক রিপোর্টার

‘দেশ থেকে বিশ্বে’ স্লোগানে তিন দিনব্যাপী ‘বিসিক শিল্পমেলা-এক জেলা এক পণ্য ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। দেশীয় পণ্যের পরিচিতি বাড়ানো, স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের বিকাশে আগামী ২৯ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলা বসবে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের বিসিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মেলার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজীর আহমেদ। তিনি জানান, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ মেলায় দেড় থেকে দুই লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

এবারের মেলায় দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল থাকবে। পাশাপাশি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্প তৈরির সরাসরি কার্যক্রম দেখার সুযোগ থাকবে।

বেনজীর আহমেদ বলেন, এ আয়োজনকে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প, দেশীয় পণ্য, স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সমন্বিত উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, উৎপাদন সক্ষমতা ও বিশেষায়িত পণ্য রয়েছে। জামদানি, তাঁত, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের সামগ্রী, পাটজাত পণ্যসহ বিভিন্ন কৃষি ও খাদ্যভিত্তিক পণ্যের অনেকগুলোরই জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত পরিচিতি তৈরি হয়নি।

এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, বিসিক জেলাভিত্তিক মেলা করে এবং এখন বিসিকের একটি ক্যালেন্ডার আছে। বিসিক এখন প্রতি মাসেও আমাদের এই বিসিক ভবনে মেলা আয়োজন করে। কিন্তু এত বৃহৎ পরিসরে এবং নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিসিক এই প্রথম এত বড় পরিসরে এই মেলার আয়োজন করছে। তিনি আরও বলেন, পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬ দেওয়া হবে।

বিসিকের পক্ষ থেকে বলা হয়, মাটির সামগ্রী, নকশিকাঁথা, জামদানি, তাঁত, বাঁশ-বেত, পাটজাত পণ্য, কাঠ ও ধাতুর কারুশিল্পসহ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে অসংখ্য কারুশিল্পীর শ্রম ও সৃজনশীলতা জড়িয়ে রয়েছে। তাঁদের দক্ষতা ও অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে কারুশিল্পের সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানসংক্রান্ত তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে সংবাদ সম্মেলনে একটি বিশেষ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। মেলায় অংশগ্রহণ করতে উদ্যোক্তাদের কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন বেনজীর আহমেদ। তিনি বলেন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। সম্পূর্ণ বিনামূল্যে স্টল পাবেন উদ্যোক্তারা।

বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে নতুন পরিকল্পনা

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ

ভরিতে আরো ১০৫০ টাকা বাড়ল স্বর্ণের দাম

শৌখিন ক্রেতার ভাটা, ভিড় নিত্যপণ্যের স্টলে

শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায় লক্ষ্যমাত্রার মাত্র ১৭%

চার চাপে পোশাকশিল্প

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

১০ বছরেও শেষ হয়নি রিজার্ভ চুরির তদন্ত, প্রতিবেদন জমার সময় পেছাল ১০০ বার

জিআই পণ্য ব্রান্ডিংয়ে ১৭ দফা রোডম্যাপ

কমেছে ডিমের দাম, লোকসানে খামারিরা